এনসিপি থেকে সারজিস আলমকে বহিষ্কারের ভুয়া দাবি প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে,‘সার্জিস আলমকে এনসিপি থেকে বহিস্কার বিস্তারিত কমেন্টে।’ বিস্তারিত দাবিতে একটি লিঙ্ক পোস্টের মন্তব্য সেকশনে সংযুক্ত করা হয় যেখানে দাবি করা হয়, ‘সার্জিস আলম কে এনসিপি থেকে বহিষ্কার রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা এবং মহানগর কমিটির বিরোধ তীব্র আকার ধারণ করেছে। জেলা ও মহানগরের দুই শীর্ষ নেতার বিরোধ এখন ওপেন সিক্রেট। এরইমধ্যে একে অপরের বিরুদ্ধে মশাল মিছিল, দেয়াল লিখন, কার্যালয়ে তালা ও অবরুদ্ধের মত অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এসবের মধ্যেই এবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।….’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। এরূপ দাবিতে প্রচারিত কথিত সংবাদ প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহিষ্কারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির পোস্টে ‘https://newsbd24ab.blogspot.com’

নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত কথিত সংবাদ প্রতিবেদন লিংক সূত্র হিসেবে যুক্ত করা হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘https://newsbd24ab.blogspot.com’’ নামক ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি ভুঁইফোঁড় সাইট বলে প্রতীয়মান হয়। এই সাইটে ‘সার্জিস আলম কে এনসিপি থেকে বহিষ্কার’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং তবে এর প্রকাশকাল হিসেবে কোনো সুনির্দিষ্ট তারিখের উল্লেখ পাওয়া যায়নি।

কথিত এই সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়, ‘রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা এবং মহানগর কমিটির বিরোধ তীব্র আকার ধারণ করেছে। জেলা ও মহানগরের দুই শীর্ষ নেতার বিরোধ এখন ওপেন সিক্রেট। এরইমধ্যে একে অপরের বিরুদ্ধে মশাল মিছিল, দেয়াল লিখন, কার্যালয়ে তালা ও অবরুদ্ধের মত অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এসবের মধ্যেই এবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছ।’ কথিত ওই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ‘শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।’

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সারজিস আলমের বহিষ্কার হওয়ার দাবির সপক্ষে দেশি বা বিদেশি কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, জাতীয় নাগরিক পার্টির ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে আলোচিত দাবি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।

সুতরাং, সারজিস আলম কে এনসিপি থেকে বহিষ্কার হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
  • National Citizen Party – NCP –  Facebook Page
Share: