গত ২৮ এপ্রিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার মূত্রনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের বিছানায় সারজিস আলমের চোখ বন্ধ করে শুয়ে থাকার একটি ছবি প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘ব্রেকিং নিউজঃ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন সার্জিস আলম।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারজিস আলমের মারা যাওয়ার দাবি সঠিক নয় এবং প্রচারিত ছবিটিও আসল ছবি নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়া ছবি সংযুক্ত করে আলোচিত দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে সারজিস আলম মারা যাওয়ার দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তার মূত্রনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
পরবর্তী অনুসন্ধানে সারজিস আলমের মৃত অবস্থার ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ছবিটি পর্যবেক্ষণ করলে সারজিস আলমের ত্বক, শরীরের গড়ন ও পারিপার্শ্বিক অবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।
পাশাপাশি, প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।
এছাড়াও, প্রচারিত ছবিটি এআই তৈরি কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ দিয়ে যাচাই করলে ছবিটি এআই তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ দেখা যায়।
সুতরাং, সারজিস আলম মারা গেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- AI Analysis
- Bangla Tribune – সারজিস আলমের অপারেশন সাকসেসফুল


