‘ভারত থেকে আসা এক ফোঁটা তেলও কিনবেন না’ বলে মন্তব্য করেননি সারজিস আলম

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ‘দেশবাসীকে অনুরোধ জানাই ভারত থেকে আসা এক ফোঁটা তেলও কেউ কিনবেন না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যটি সারজিস আলম করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তার নামে মন্তব্যটি প্রচার করা হচ্ছে।

দাবিসংবলিত পোস্টগুলো পর্যালোচনা করে এর পক্ষে কোনো বিশ্বস্ত সূত্র পাওয়া যায়নি। মূলধারার গণমাধ্যম, সারজিস আলমের অফিসিয়াল প্ল্যাটফর্ম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য উৎসেও এ ধরনের মন্তব্যের অস্তিত্ব মিলেনি।

সারজিস আলম এ ধরনের মন্তব্য করে থাকলে, তা স্বাভাবিকভাবেই তার অফিসিয়াল পেজ, বিশ্বস্ত গণমাধ্যম বা সংশ্লিষ্ট অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে উঠে আসার কথা ছিল। কিন্তু অনুসন্ধানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বরং দেখা যায়, দাবিটির সূত্রপাত হয়েছে কিছু অনির্ভরযোগ্য মাধ্যম থেকে। যেমন, গত ২৯ মার্চ ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজ থেকে একই বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়। তবে পেজটির পরিচিত অনুযায়ী, এটি একটি স্যাটায়ারধর্মী পেজ। অর্থাৎ, বিনোদনের উদ্দেশ্যে সেখান থেকে সারজিস আলমের নামে ওই মন্তব্যটি প্রকাশ করা হলেও, পোস্টটির মন্তব্যঘরে অনেক ব্যবহারকারীকে সেটিকে সত্যি মনে করে বিভ্রান্ত হতে দেখা গেছে।

সুতরাং, “দেশবাসীকে অনুরোধ জানাই, ভারত থেকে আসা এক ফোঁটা তেলও কেউ কিনবেন না” শীর্ষক মন্তব্যটি সারজিস আলম করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: