‘ড. ইউনূস টিকার টাকা মারলে সমস্যা নেই, বন্যার টাকা নিয়ে আমাদের কথা শুনতে হয়’ এমন মন্তব্য সারজিস আলম করেননি

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন দাবিতে ‘ডঃ ইউনুস হামের টিকার টাকা মারলে সমস্যা নেই, কিন্তু বন্যার কয়টা টাকার জন্য আমাদের কথা শুনতে হয়’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারজিস আলম এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘গজব ভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ৬ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘গজব ভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের পরিচিতি পর্বে দেখা যায় ‘দৃষ্টি জুড়ে গজব। শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন।সিরিয়াস হবেন না।’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, সারজিস আলমের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করলে আলোচিত বিষয় নিয়ে কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, সারজিস আলম ‘ড. ইউনূস হামের টিকার টাকা মেরেছে’ মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা ও বানোয়াট।
তথ্যসূত্র
- Sarjis Alam – Facebook Profile
- GojobVision – Facebook post
- Rumor Scanner’s Own Analysis

