সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘আমাকে যারা মোস্তাকের সাথে তুলনা করে তাদের সাবধান করে বলে দিতে চায় আপনাদের কথা বার্তা ঠিক করুন অন্যথায় আপনাদের পরিনতি শেখ হাসিনার চেয়ে ও ভয়ংকর হবে’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে তুলনা প্রসঙ্গে সারজিস আলম এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ফটোকার্ডে থাকা লোগোর সূত্র ধরে দেখা যায়, ‘যা ইচ্ছে Ja icche’ নামের একটি ফেসবুক পেজ থেকে উক্ত ফটোকার্ডটি প্রথম প্রচার করা হয়েছে। তবে পোস্টটিতে দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া, পেজটি কোনো স্বীকৃত বা বিশ্বাসযোগ্য গণমাধ্যমেরও নয়।
সারজিস আলমের ফেসবুক পেজ , জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রেও তার এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সারজিস আলমের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য সারজিস আলমের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। আলোচিত মন্তব্যটি করেছেন কি না এমন প্রশ্নে সারজিস আলম মন্তব্যটি করেননি বলে জানান।
সুতরাং, মোশতাকের সঙ্গে তুলনা প্রসঙ্গে সারজিস আলমের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Md Sarjis Alam – Facebook Page


