গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতায় চলমান ইরান বনাম ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষিতে “সৌদি লন্ড ভন্ড করে দিল” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত উক্ত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যালোচনা করে এতে বেশ কিছু অসঙ্গতি নজরে আসে। ভিডিওর উপাদানগুলো যেমন, উপস্থিত মানুষ, ভবন ও গাড়িগুলোর অস্বাভাবিক আকৃতি ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি বলে সন্দেহের উদ্রেক করে। এছাড়া, ভিডিওতে দৃশ্যগত ত্রুটি রয়েছে যা এআই ভিডিওগুলোর সাধারণ বৈশিষ্ট্য, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রের গতিবিধি, ধোঁয়ার ঘনত্ব এবং বিস্ফোরণের প্রকৃতির অতিরঞ্জিত এবং অবাস্তব চিত্রণ।
পরবর্তীতে, একাধিক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মের সাহায্যে আলোচিত ভিডিওটি যাচাই করলে এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশের বেশি বলে জানা যায়।
তবে, প্রচারিত ভিডিওটি ভুয়া হলেও, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় উপসাগরীয় পাঁচ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
সুতরাং, ইরানের হামলায় সৌদি আরব লন্ডভন্ড দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- HIVE MODERATION
- Rumor Scanner’s Analysis


