সম্প্রতি, কাজের ভুলের কারণে প্রবাসী বাংলাদেশিকে সৌদি আরবের লোকজন মারধর করছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে সাদা শার্ট পরিহিত এক ব্যক্তিকে অপর আরেকজনকে লাঠিপেটা করতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি কোনো প্রবাসী বাংলাদেশিকে সৌদি আরবের লোকজনের মারধর করার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়রে পাওনা টাকা চাওয়ায় চৌকিদারকে মারধরের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম জি মিডিয়ার টিভি চ্যানেল Zee Madhya Pradesh Chhattisgarh-এর ফেসবুক পেজে গত ১৯ জানুয়ারি একই ভিডিও সংবলিত একটি প্রতিবেদন প্রচারিত হতে দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়, এটি ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের বারা গ্রামের ঘটনা এবং মারধরের শিকার ব্যক্তির নাম বাল্লু কুশওয়া। তিনি মূলত ইমরান খান এবং আমিন খান নামের ব্যক্তিদের হয়ে চৌকিদারির কাজ করতেন। ঘটনার দিন তিনি তার পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্তরা বাল্লুকে মারধর করে। যার ভিডিও পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আরেক ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ভুক্তভোগী এ বিষয়ে থানায় একটি মামলাও দায়ের করেন।
অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত ভিডিওটি সৌদি আরবে কোনো প্রবাসী বাংলাদেশিকে মারধরের ঘটনার নয়।
সুতরাং, ভারতে পাওনা টাকা চাওয়ায় চৌকিদারকে মারধরের ঘটনার ভিডিওকে সৌদি আরবে কাজের ভুলের কারণে প্রবাসী বাংলাদেশিকে মারধরের দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Zee Madhya Pradesh Chhattisgarh Facebook Post
- NDTV Website: A video of hooliganism in Gwalior has gone viral on social media.


