সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ভিডিও দাবিতে ভারতের সাজানো ভিডিও প্রচার

পিকনিকের কথা বলে চেতনানাশক খাইয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গত ৪ ডিসেম্বর ভুক্তভুগির সহপাঠীসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে ভুক্তভুগির মামলার প্রেক্ষিতে ৩ ডিসেম্বর তাদের গ্রেফতার করে পুলিশ। জানা যায়, অভিযুক্তরা ধর্ষণের মুহুর্তে ধারণ করা ছবি ও ভিডিও নিয়ে ভুক্তভুগিকে ব্ল্যাকমেইল করছিলেন। এ ঘটনার প্রেক্ষিতে ৪ ডিসেম্বর থেকে সাভারে উচ্চ শব্দে স্পিকার বাজিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের মুহুর্তের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে সাভারে সংঘটিত ধর্ষণের ঘটনার কোনো যোগসূত্র নেই। এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিও কোনো ধর্ষণের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, বিনোদনের উদ্দেশ্যে কয়েকজন ভারতীয় যুবকের তৈরিকৃত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ভিডিওতে দেখতে পাওয়া ‘AJAYSHING0021’ শীর্ষক জলছাপের সূত্র ধরে একই ইউজারনেমের একট ইনস্টাগ্রামের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যালোচনা করে গত ২৫ আগস্ট অ্যাকাউন্টটিতে প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ভিডিওতে দেখতে পাওয়া স্মার্টফোনের জলছাপ থেকে জানা যায়, এটি গত ১০ আগস্ট ভারতের বেঙ্গালুরু শহরে ধারণ করা হয়েছে।

এছাড়াও পুরো ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওটির শেষাংশে নিচে শুয়ে থাকা ব্যক্তি উঠে বসেন। তখন লক্ষ্য করা যায়, শুয়ে থাকা ব্যক্তি কোনো নারী নন, বরং একজন পুরুষ।

পরবর্তীতে ভিডিওটির ট্যাগ অপশনে থাকা ray______ji_deepak__ ইউজারনেমের আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যালোচনা করে একই ভিডিওর প্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর প্রচারিত আরেকটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টটিতে আলোচিত ভিডিওটির একটি স্ক্রিনশটসহ কয়েকজন যুবকের ছবি যুক্ত করা হয়েছে। শিরোনামে দাবি করা হয়েছে, ভিডিওতে বিছানায় শুয়ে থাকা ব্যক্তি কোনো নারী নয়, বরং ছবিতে থাকা যুবকদের একজন। পরবর্তীতে ছবিটি পর্যালোচনা করলে দেখা যায়, ছবিতে থাকা ৬ জন যুবকের মধ্যে বামপাশ থেকে তৃতীয় যুবক (ছাই রঙের পোলো টি-শার্ট পরিহিত)-এর চেহারা ভিডিওর শেষাংশে থাকা যুবকের সঙ্গে হুবহু মিল রয়েছে।
অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় এবং এর সঙ্গে কোনো ধর্ষণের ঘটনার সংশ্লিষ্টতা নেই।
সুতরাং, ভারতের বিনোদনমূলক ভিডিওকে সাভারে উচ্চ শব্দে স্পিকার বাজিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের মুহুর্তের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

