সম্প্রতি, ভারতের তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য সায়নী ঘোষের নাচের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত নাচের ভিডিওটি সায়নী ঘোষের নয়। প্রকৃতপক্ষে, বাংলাদেশের বগুড়ায় এক নারীর নাচের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Rasel Khan’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ৩০ এপ্রিল ‘Bondu kala can’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। সেখানে উক্ত নারীর একাধিক (১, ২, ৩, ৪) নাচের ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই নারীর নাম ‘মেঘা কুইন’।
পরবর্তীতে, উক্ত নামের সূত্র ধরে ‘Megha Queen’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। অ্যাকাউন্টটি পর্যালোচনায় দেখা যায়, তিনি পেশায় একজন নৃত্যশিল্পী। তার বিভিন্ন অনুষ্ঠানে নাচের একাধিক ভিডিও (১, ২, ৩) পাওয়া যায়।
এছাড়া, উক্ত অ্যাকাউন্টে থাকা ভিন্ন ফ্রেমের একটি নাচের ভিডিওতে পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত একটি ব্যানার দেখা যায়। ব্যানারটিতে লেখা ছিল, “১৪৩৩ বঙ্গাব্দ শুভ নববর্ষ উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান”।
সুতরাং, বাংলাদেশের নৃত্যশিল্পীর নাচের ভিডিওকে ভারতের সায়নী ঘোষের নাচের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rasel Khan – Facebook Post
- Megha Queen – Facebook Account


