ড. ইউনূসের সকল নাগরিককে ৮০০০ টাকা উন্নয়ন ভাতা দেওয়ার দাবিটি ভুয়া

সম্প্রতি, “দেশের সকল নাগরিককে ৮০০০ টাকা উন্নয়ন ভাতা দিচ্ছে ড. ইউনূস” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।প্রচারিত উক্ত ফেসবুক পোস্টটির সাথে একটি লিঙ্ক সংযুক্ত করে লিঙ্কটিতে ক্লিক করতে বলা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেশের সকল নাগরিককে ৮০০০ টাকা উন্নয়ন ভাতা দেওয়ার কোনো ঘোষণা ড. ইউনূস এর পক্ষ থেকে দেওয়া হয়নি বরং, ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে এই প্রলোভন দেখানো হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টগুলোতে থাকা ওয়েবসাইট লিংকে প্রবেশ করলে উপরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো এবং “বিকাশে ৮,০০০ টাকা উন্নয়ন ভাতা” শীর্ষক একটি লেখা পাওয়া যায়। এরপর বিস্তারিত অংশে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস দেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ৮,০০০ টাকা উন্নয়ন ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন। এই ভাতা দেশের প্রত্যেক যোগ্য নাগরিকের জন্য প্রযোজ্য। এবং অফারের বিস্তারিত হিসেবে লেখা আছে, প্রতি নাগরিককে ৮,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রধারী বাংলাদেশিরাই আবেদন করতে পারবেন। আবেদনকারীদের তথ্য যাচাই করা হবে এবং নির্বাচিত ব্যক্তিদের বিকাশ একাউন্টে অর্থ প্রদান করা হবে।

আরেকটু নিচে স্ক্রল করলেই টাকা পাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে জমা দিতে বলা হয়। ফর্মটিতে নিজের নাম, জাতীয় পরিচয় পত্র/ ভোটার আইডির কার্ড নম্বর মনে আছে কিনা, বিকাশ নম্বর, বিকাশ নম্বর চালু আছে কিনা এবং এই মূহুর্তে (ফর্ম পূরণ করার মুহূর্তে) বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে ইত্যাদি তথ্য জানতে চাওয়া হয়।

রিউমর স্ক্যানার টিমের একজন অনুসন্ধানকারী নিরাপত্তাজনিত কারণে ভুল তথ্য দিয়ে উক্ত ফর্ম পূরণ করে জমা দিলে এটি আরেকটি নতুন পেজে নিয়ে যায়। এই পেজে আলিএক্সপ্রেসের একটি প্রমোশনাল বিজ্ঞাপন দেখা যায়, যার সাথে আলোচিত দাবি কিংবা বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই।

পরবর্তী অনুসন্ধানে, দেশের সকল নাগরিককে ৮০০০ টাকা উন্নয়ন ভাতা দেওয়ার কোনো ঘোষনা ড. ইউনূস এর পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে Chief Adviser GOB ফেসবুক পেজ, গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, দেশের সকল নাগরিককে ৮০০০ টাকা উন্নয়ন ভাতা দিচ্ছে ড. ইউনূস শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: