সম্প্রতি একটি ওয়েবসাইট লিঙ্ক প্রচার করে দাবি করা হয়েছে, ওয়ালটনের বার্ষিকী উপহার হিসেবে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে ১০ হাজার টাকা জিতে নেওয়া যাবে।

উক্ত দাবিতে প্রচারিত ওয়েবসাইট লিঙ্ক দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওয়ালটনের বার্ষিকী উপহার হিসেবে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে ১০ হাজার টাকা জিতে নেওয়ার কোনো ঘোষণা ওয়ালটনের পক্ষ থেকে দেওয়া হয়নি বরং, ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে এই প্রলোভন দেখানো হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ওয়েবসাইট লিংকে প্রবেশ করে রিউমর স্ক্যানার টিম। আলোচিত ওয়েবসাইটটির লিঙ্ক: walton.0u5a.xyz | কিন্তু অনুসন্ধানে এই লিঙ্ক ওয়ালটনের কোনো আসল ওয়েবসাইটের লিঙ্ক হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ওয়ালটনের আসল ওয়েবসাইটগুলোর লিঙ্কগুলোর মধ্যে হচ্ছে: waltonbd.com,waltonplaza.com.bd

ওয়েবসাইটটিতে প্রবেশ করলে উপরে ওয়ালটনের লোগো এবং “অভিনন্দন! ওয়ালটন – বার্ষিকী উপহার | প্রশ্নাবলীর মাধ্যমে, আপনি 10000 taka পাওয়ার সুযোগ পাবেন।” শীর্ষক একটি লেখা পাওয়া যায়। এরপর চারটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এছাড়া, সর্বশেষ টাকা পাওয়া ব্যক্তি দাবিতে কয়েকজনের নাম, ছবি, ও মন্তব্য উল্লেখ করা হয়। প্রশ্ন চারটিতে জিজ্ঞেস করা হয়, ‘আপনি কি ওয়ালটন জানেন কি না’, ‘বয়স কত’, ‘ওয়ালটন সম্পর্কে অভিমত’,’পুরুষ নাকি মহিলা’।

রিউমর স্ক্যানার টিমের একজন অনুসন্ধানকারী নিরাপত্তাজনিত কারণে ভুল তথ্য দিয়ে এগুলোর উত্তর দেওয়ার পর বলা হয়, ‘অভিনন্দন! আপনার উত্তর সফলভাবে সংরক্ষিত হয়েছে! প্রশ্নাবলীর মাধ্যমে, আপনি 10000 taka পাওয়ার সুযোগ পাবেন। আপনাকে অবশ্যই ভিতরে আপনার পুরস্কার সহ সঠিক বাক্সটি নির্বাচন করতে হবে। আপনি 3 প্রচেষ্টা আছে. শুভকামনা!’ এরপর তিনটি বক্স দেখানো হয়। সেগুলোতে একে একে ক্লিক করার পর বলা হয়, ‘অভিনন্দন! আপনি এটা করেছেন! আপনি জিতেছেন 10000 taka *** নিয়ম ***
1. আমাদের প্রচার সম্পর্কে আপনাকে অবশ্যই 5 টি গ্রুপ বা 20 জন বন্ধুকে জানাতে হবে।
2. আপনার ঠিকানা এবং সম্পূর্ণ নিবন্ধন লিখুন.
3. উপহার 5-7 দিনের মধ্যে বিতরণ করা হবে.’

এরপর রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারী প্রায় ২০ বার শেয়ার করার জন্য ক্লিক করে ব্যাক বাটনে ক্লিক করলে প্রদর্শিত নীল বারে ১০০% দেখায়।

এরপর একটি লিঙ্ক থেকে ডাউনলোড করে মোবাইল নাম্বার দিতে ও তা যাচাই করতে বলা হয়। কিন্তু, তথ্যগত নিরাপত্তার কথা মাথায় রেখে রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারী এর পরবর্তী ধাপ সম্পন্ন করেন নি।
পরবর্তী অনুসন্ধানে, ওয়ালটন এরূপ কোনো ঘোষণা দিয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে ওয়ালটনের ওয়েবসাইট, ওয়ালটনের ফেসবুক পেজ বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বরং, গত ২৬ নভেম্বরে এ বিষয়ে ওয়ালটনের ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায় যাতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, ওয়ালটন এর নাম ব্যবহার করে কিছু স্ক্যাম লিংক এর মাধ্যমে একটি প্রতারক চক্র বিভিন্ন লোভনীয় উপহার ও মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে গ্রাহকদের গুরুত্বপূর্ণ তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে। এই ধরনের কার্যক্রমের সাথে ওয়ালটন কোনোভাবেই সম্পৃক্ত নয়।’
সুতরাং, ওয়ালটনের বার্ষিকী উপহার হিসেবে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে ১০ হাজার টাকা জিতে নেওয়ার অফার দিয়েছে ওয়ালটন শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Walton – Facebook Post
- Rumor Scanner’s analysis


