গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতায় চলমান ইরান বনাম ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ইরানে যাত্রার মূহুর্তের দৃশ্য দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।
উক্ত ভিডিওটিতে সেনাবাহিনীর পোশাকের আদলে পোশাক পরিহিত এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “প্রিয় দেশবাসী, আমরা একদল সৈন্য বুকে অদম্য সাহস নিয়ে ইরানের উদ্দেশ্যে রওনা হচ্ছি, ইরানকে সহযোগিতা করার জন্য। আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সারাবিশ্বে ছড়িয়ে দিন, যাতে মুসলিম সৈন্যরা এ লড়াইয়ে দলে দলে যোগদান করে। বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।”

এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত ভিডিওটি ১১ লক্ষাধিক বার দেখা হয়েছে এবং প্রায় ৭০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
উক্ত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ব্যক্তির মুখাবয়ব ও পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
পরবর্তীতে, বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

সুতরাং, চলমান ইরান বনাম ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ইরানে যাত্রার মূহুর্তের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- HIVE MODERATION
- Rumor Scanner’s Analysis


