হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার দাবিতে ২০২১ সালের গাজীপুরের ভিন্ন ঘটনার ছবি প্রচার

সম্প্রতি “হবিগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের পরে গলাকেটে হত্যা করে রেখে গেছে দুর্বৃত্তরা। সারাদেশে অবাধে চলছে ধর্ষণ!!” শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালে গাজীপুরে রাস্তার পাশ থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধারের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, বিডিনিউজ২৪ ডট কমের ওয়েবসাইটে ২০২১ সালের ২৫ নভেম্বর ‘Woman, 4-year-old daughter found dead in Gazipur’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে৷

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গাজীপুরের দেশিপাড়া থেকে এক নারী ও তার মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। তৎকালীন সহকারী পুলিশ কমিশনার রিপনচন্দ্র সরকারের বরাতে জানানো হয়, নিহতরা হলেন ২৬ বছর বয়সী ফেরদৌসী বেগম এবং তার ৪ বছর বয়সী মেয়ে তাসনিয়া। তারা কালীগঞ্জের বোরাইয়া নরুন বাজারের বাসিন্দা ছিলেন।

সাম্প্রতিক দেশকালের ওয়েবসাইটে একই তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে জিএমপির সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিমের বরাতে উল্লেখ করা হয় হয়, ২০২১ সালের ২৪ নভেম্বর রাতে মহানগরের দেশীপাড়া এলাকার বিমানবাহিনীর নির্জন টেকে শিশুসহ এক নারীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ প্রচার (, , ) করে।

সুতরাং, ২০২১ সালে গাজীপুরে রাস্তার পাশ থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধারের পুরোনো ছবিকে সাম্প্রতিক সময়ে হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: