কুমিল্লায় ছাত্রদল নেতা কর্তৃক স্কুলছাত্রীকে উত্যক্তের ঘটনা দাবিতে প্রচারিত ভিডিওটি সাজানো

সম্প্রতি “কুমিল্লায় স্কুল ছাত্রীকে প্রেমে রাজি না হওয়ায় উত্যক্ত এবং নি/র্যাতন করছে কুমিল্লা মহানগর ছাত্রদল নব নির্বাচিত সহ সভাপতি” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা মহানগর ছাত্রদল নব নির্বাচিত সহ-সভাপতি প্রেমে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করেছে দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য কোনো ঘটনার নয়। বরং, স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, ‘Durjay Media Tv’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৬ সালের ৯ জানুয়ারি ‘প্রেমে রাজি হয় না বলে ছেলে ইস্কুলছাত্রীকে ইভটিজিং করল রাস্তায়। Short Film 2026। Mkd Media Tv।’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে৷

পরবর্তীতে ‘Paisa Tv’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৬ সালের ১১ জানুয়ারি ‘স্কুল ছাত্রীকে একা পেয়ে যা করলেন যুবক নিজের চোখেই দেখুন | Paisa tv’ শীর্ষক শিরোনামে উক্ত ভিডিওতে থাকা অভিনেতা ও অভিনেত্রীর একইধরনের আরো একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এছাড়া, উক্ত ভিডিও প্রচারকারী চ্যানেল দুটি পর্যবেক্ষণ করে জানা যায়, এগুলো কনটেন্ট ক্রিয়েশন চ্যানেল। তারা বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও (১,২,৩) বানিয়ে থাকেন। আলোচিত ভিডিওটিও নাটকের জন্য ধারণকৃত।
সুতরাং, স্কুল ছাত্রী প্রেমে রাজি না হওয়ায় ছাত্রদল নেতা কর্তৃক উত্যক্তের ভিডিও দাবিতে একটি স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Durjay Media Tv – Youtube Channel
- Paisa Tv- Youtube Channel

