নিজের মেয়েকে বাবার বিয়ে করার ঘটনা দাবিতে প্রচারিত ভিডিওটি সাজানো

সম্প্রতি “নিজের মেয়েকেই বিয়ে করে নিলেন এই #মোল্লা কি সুন্দর সংস্কৃতি।।। সবাই নবোদম্পতি রে কমেন্ট সেকশন এ দোয়া কইরা যাইবেন।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিজের মেয়েকে বাবার বিয়ে করার দৃশ্যের দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য কোনো ঘটনার নয় বরং, স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Raj Thakur’ নামক ফেসবুক পেজে ২০২৫ সালের ৬ মার্চ ‘রমজানে এক বাবা তার নিজের মেয়েকে গর্ভবতী অবস্থায় বিয়ে করলেন’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ভিডিওর ১ মিনিট ৩২ সেকেন্ড অংশ থেকে ১ মিনিট ৪৭ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে৷

উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি থেকে নিয়মিত স্ক্রিপ্টেড ভিডিও প্রচার করা হয়। পেজটির “অ্যাবাউট” বিভাগে দেখা যায়, এর লোকেশন হিসেবে দিল্লী, ইন্ডিয়া উল্লেখ রয়েছে। 

পেজটির “ট্রান্সপারেন্সি” বিভাগ যাচাই করে দেখা গেছে, পেজটি ২০২৪ সালের ৫ মার্চ ‘Shiv Thakur’  নামে তৈরি করা হয়। এরপর একই বছরের ৮ জুন পেজটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘Chote Kalakaar ”कलाकार”’ এবং ১২ আগস্ট ‘The SycO Experiment’। সর্বশেষ, ২৯ নভেম্বর নাম পরিবর্তন করে ‘Raj Thakur’ রাখা হয়।

এছাড়া, উক্ত পেজ কর্তৃপক্ষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আলোচিত ১৫ সেকেন্ডের ভিডিওটি রিলস আকারে প্রচার করা হয়।

অর্থাৎ, উপরোক্ত তথ্য প্রমাণ থেকে এটি নিশ্চিত যে, আলোচিত ভিডিওটি একটি নাটকের দৃশ্যের।

সুতরাং, স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে নিজের মেয়েকে বাবার বিয়ে করার বাস্তব ঘটনার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: