সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যায়, একজন নারী ঘরের মেঝেতে একটি ছোট শিশুকে ধরে গড়াগড়ি/হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং একজনের হাত ধরার চেষ্টা করছেন। পাশাপাশি আকুতি করে একপর্যায়ে মেঝেতে লুটিয়ে পড়েন। ভিডিওতে গুলাগুলি সদৃশ শব্দ শোনা যায়। ভিডিওটি প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, যুবলীগ নেতার স্ত্রী ও সন্তানকে একের পর এক গুলি করা হচ্ছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি যুবলীগ নেতার স্ত্রী ও সন্তানকে গুলি করার কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি ভারতের এক কনটেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড ভিডিও বা অভিনয়ের দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Sony Deyi’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২১ ফেব্রুয়ারিতে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। ভিডিওটি পরবর্তীতে নানা সময়ে একই অ্যাকাউন্ট থেকে বারবার পোস্ট করা হয়েছে৷

অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে এর আগেও একই ঘরে একইরকম আরো একাধিক ভিডিও একই অডিওর সংযুক্তিসহ পোস্ট হতে দেখা যায়। (১,২,৩) প্রায় সব ভিডিওতেই একই নারী, শিশু ও আরেক পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও, প্রতিটা ভিডিওতে ক্যামেরা এঙ্গেলও প্রায় একইরকম ও গুলাগুলি সদৃশ শব্দ থাকলেও কোনো রক্ত বা আঘাত পাওয়ার চিহ্ন পাওয়া যায়নি। এসব তথ্য-প্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায়, ‘Sony Deyi’ নামের উক্ত অ্যাকাউন্ট থেকেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির উৎপত্তি। ভিডিওগুলো কোনো বাস্তব হামলার দৃশ্য নয়; বরং অভিনয়ভিত্তিক বা স্ক্রিপ্টেড কনটেন্ট।
এছাড়াও, উক্ত অ্যাকাউন্টের একাধিক ভিন্ন ভিন্ন ভিডিওতে একই অডিওর সংযুক্তি পাওয়া যায় যা প্রমাণ করে অডিওটিও আসল নয়। পরবর্তীতে অডিওর সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Black Spot’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই অডিওর সংযুক্তি ২০২৪ সালের ৩১ জুলাইয়ে পোস্ট হওয়া ভিন্ন এক ভিডিওতে পাওয়া যায়।
আর, ‘Sony Deyi’ নামক উক্ত অ্যাকাউন্টের ‘অ্যাবাউট’ সেকশন পর্যবেক্ষণ করলে দেখা যায় অ্যাকাউন্টটি ভারত থেকে পরিচালিত হচ্ছে।
সুতরাং, যুবলীগ নেতার স্ত্রী ও সন্তানকে সম্প্রতি গুলি করার দৃশ্য দাবিতে ভারতের এক কনটেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড বা অভিনয়ের দৃশ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Sony Deyi – Instagram Post
- Black Spot – Instagram Post
- Rumor Scanner’s analysis


