ইরাকের বাজারে নারীদের দাসী হিসেবে বেচাকেনার ভিডিও দাবিতে ভাইরাল ভিডিওটি সাজানো 

সম্প্রতি “ইরাকের বাজারে এভাবেই নারীদের বেচাকেনা হয়েছে দাসী হিসেবে। আলহামদুলিল্লাহ। পুর্ব পাকিস্থানের বাজারে কবে পাওয়া যাবে?” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইরাকের বাজারে নারীদের দাসী হিসেবে বেচাকেনার দৃশ্যের দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য কোনো ঘটনার নয় বরং, স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘aryan.rafiq.artway’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ভিডিওর ৩ মিনিট ৩১ সেকেন্ড অংশ থেকে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে৷

উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি ২০২৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত হওয়া ‘The Unheard Screams Of The Ezidkhan Angels’ নামক একটি মঞ্চ নাটকের দৃশ্য। ক্যাপশনে নাটকে অভিনয় করা মডেলদের নামও উল্লেখ করা হয়।

পরবর্তীতে, উক্ত পোস্টে মডেলদের নামের শুরুতে ‘Sami Al-Ali’এর নাম ইনস্টাগ্রামে সার্চ করলে একটি অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। উক্ত অ্যাকাউন্টের ছবির সাথে আলোচিত ভিডিওর ব্যক্তির চেহারার মিল রয়েছে। 

এছাড়া, উক্ত ভিডিওটি প্রচারকারীর ইনস্টাগ্রাম আইডিটি পর্যবেক্ষণ করে জানা যায় ‘Aryan Rafiq’ একজন কুর্দিস্তানী নারী ভিজুয়াল আর্টিস্ট।

অর্থাৎ, উপরোক্ত তথ্য প্রমাণ থেকে এটি নিশ্চিত যে, আলোচিত ভিডিওটি একটি নাটকের দৃশ্যের।

সুতরাং, স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে ইরাকের বাজারে নারীদের দাসী হিসেবে বেচাকেনার বাস্তব ঘটনার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: