স্কেটিংয়ের সময় ভ্যানে থাকা স্কুল ছাত্রীর পোশাক ধরে টানার ঘটনা দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

সম্প্রতি, এক ছেলে স্কেটিং করার সময় তার সামনে থাকা ভ্যানগাড়িতে বসা এক স্কুল শিক্ষার্থী মেয়ের পোশাক ধরে টানার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছে, “বিগত ১৬ বছর রাস্তাঘাটে প্রকাশ্যে কোনো মেয়ের কাপড় খোলার দুঃসাহস কেউ দেখাতে পারেনি। জাতিকে দেখতে হয়নি এই নির্মম ভ’য়াবহ দৃশ্য। কিন্তু এখন আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুসের ম্যাজিকে দেশ আজ বি’বস্ত্র, দেশের মানুষ আজ কাঁদছে।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

একই দাবিতে বাংলাদেশ ও ভারতের একাধিক এক্স অ্যাকাউন্টের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্কেটিংয়ের সময় ভ্যানে থাকা স্কুল পড়ুয়া ছাত্রীর পোশাক ধরে টানার দাবিতে এই ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং, এই ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে বানানো। সমালোচনার মুখে ক্ষমা চেয়ে ভিডিওটি সরিয়ে ফেলেছেন নির্মাতা।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Rakib skating vlog’ নামের একটি টিকটক অ্যাকাউন্টের একাধিক ভিডিওর (, ) সাথে আলোচিত ভিডিওর যুবক ও কথিত স্কুল শিক্ষার্থীর চেহারার মিল পাওয়া যায়। ভিডিওগুলোর ক্যাপশনে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।

টিকটকের এই অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে নিয়মিতই স্কেটিংয়ের এমন ভিডিও প্রচার করা হয়৷ এগুলোর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, ওই ‘মেয়ে’ এক বয়স্ক ব্যক্তির সাইকেলের পেছনে বসে যাচ্ছে। ওই যুবক স্কেটিং করে তাকে পেছন থেকে তুলে নিয়ে যায়। একটু যাওয়ার পর সেই বয়স্ক ব্যক্তি মেয়ে হারিয়ে দুঃখের অভিনয় করে। খোঁজাখুঁজি করে। অন্য আরেক ভিডিওতে ওই যুবক ‘মেয়েটি’-কে রাস্তায় দাঁড় করিয়ে ফুল দিয়ে প্রপোজ করতে যায়, এমন সময় মেয়েটি তাকে লাথি দিয়ে ফেলে দেয়। ভিডিওগুলো দেখে এটি অভিনয় বলে প্রতীয়মান হয়।

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে নেত্রকোণার একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ওয়াসেক বিল্লাহ নোমানীর ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে স্কেটিং করা সেই যুবকের বক্তব্য পাওয়া যায়। রাকিব নামে ওই যুবক দাবি করেন, আলোচিত ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তিনি বানিয়েছিলেন। সেখানে যে মেয়েকে দেখা যাচ্ছে সে আসলে মেয়ে নয়, ছেলেই। তিনি বলছিলেন, “আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখতে পারবেন, ছেলেটা কিন্তু শর্ট প্যান্ট পরানো ছিল হাঁটু পর্যন্ত।”

রাকিব বলছেন, ভিডিওটি বানানো তার ঠিক হয়নি। তিনি মূল ভিডিওটি পেজ থেকে সরিয়ে নিয়েছেন।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে রাকিবের মূল ফেসবুক পেজও বন্ধ পাওয়া গেছে।

সুতরাং, বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা স্কেটিংয়ের সময় ভ্যানে থাকা স্কুল পড়ুয়া ছাত্রীর পোশাক ধরে টানার ভিডিওকে বাস্তব ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: