ভারতে মুসলমানদের থেকে হিন্দুত্ববাদী চক্রের গরু ছিনিয়ে নেওয়ার দাবিতে স্ক্রিপ্টেড ভিডিও প্রচার

ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি একটি হিন্দুত্ববাদী চক্রের। চক্রটি মুসলমানদের কাছে গরু বিক্রি করার পর ‘গরু রক্ষা’র অজুহাতে সেই গরু জোরপূর্বক ছিনিয়ে নেয়। এছাড়াও অভিযোগ করা হয়, ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে ওই চক্রটি গরু ক্রেতাদের মারধর করে এবং তাদের কাছ থেকে টাকা-পয়সাও ছিনিয়ে নেয়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি কোনো ভারতের কোনো হিন্দুত্ববাদী চক্রের মুসলিমের কাছ থেকে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের কতিপয় কনটেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Muklesur Ali নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২২ মে একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। 

উক্ত অ্যাকাউন্টটি পর্যালোচনা করে একই ঘটনার একাধিক এঙ্গেল থেকে ধারণ করা বেশ কয়েকটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

“Muklesur Ali” নামের অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে উল্লেখ রয়েছে যে তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিভাগের বীরভূম জেলার বাসিন্দা। একই সঙ্গে তার অ্যাকাউন্টে এ ধরনের বিভিন্ন ভ্লগধর্মী ভিডিও নিয়মিত প্রকাশিত হতে দেখা যায়। ভিডিওগুলোর উপস্থাপনা ও নাটকীয়তা বিশ্লেষণ করে ধারণা করা যায়, সেগুলো স্ক্রিপ্টেড বা পূর্বপরিকল্পিতভাবে নির্মিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তীতে উক্ত ব্যক্তির ইউটিউব চ্যানেলের সন্ধান পাওয়া রিউমর স্ক্যানার। চ্যানেলে বিবরণীতে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওগুলো স্ক্রিপ্টেড বা সাজানো। ভিডিওগুলোতে দেখতে পাওয়া ব্যক্তিদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ভিডিওগুলো তৈরি করা হয়েছে বলেও বিবরণীতে উল্লেখ পাওয়া যায়।

এছাড়াও উক্ত ইউটিউব চ্যানেলেও আলোচিত ভিডিওটির সন্ধান পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত ভিডিওটি আসল নয়।

সুতরাং, ভারতের স্ক্রিপ্টেড ভিডিওকে দেশটিতে মুসলমান ক্রেতাদের কাছ থেকে হিন্দুত্ববাদী চক্রের গরু বিক্রি করে তা মারধর করে ছিনিয়ে নেওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Muklesur Ali Facebook Post
  • Muklesur Bhaijaan 2.0 Youtube Channel Video
  • Rumor Scanner’s Analysis
Share: