সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নাসীরুদ্দিন পাটওয়ারী গ্রেফতার দাবিতে ভুয়া তথ্য প্রচার

গত ৩০ নভেম্বর দুপুরে সচিবালয়ের নবনির্মিত এক নম্বর ভবনের নবম তলায় ওয়াশরুমের এক্সজস্ট ফ্যানে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক মিনিটের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার প্রেক্ষিতে ‘সচিবালয়ে আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার নাসিরুদ্দিন পাটোয়ারী ঢাকা ডিবি কার্যালয় থেকে ভিডিও দেখুন কমেন্টে’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রেফতার হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে যুক্ত করা হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘shadhinn71.blogspot.com’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। এই সাইটে ‘সচিবালয়ে আগুনের ঘটনায় নাসির উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে ঢাকা ডিবি’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং এর প্রকাশকাল হিসেবে ৩০ নভেম্বর উল্লেখ করা হয়েছে।

কথিত এই সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অগ্নিকাণ্ডের পরপরই ডিবির একটি বিশেষ তদন্তদল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান শুরু করে। তদন্তে আগুনের সময় ভবনের আশেপাশে সন্দেহজনক গতিবিধির তথ্য সামনে আসে। ডিবি দাবি করেছে, আগুন লাগার আগ মুহূর্তে ভবনের পার্শ্ববর্তী এলাকায় নাসির উদ্দিন পাটোয়ারীর ঘনিষ্ঠ কয়েকজনকে দেখা গেছে। এই সূত্র ধরেই আজ রাজধানীর বনানী এলাকার একটি বাসা থেকে নাসির উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। ডিবির কর্মকর্তারা জানান, তাকে ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার (অভিযান) সাংবাদিকদের বলেন: “ঘটনার সঙ্গে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের হাতে এসেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।”

কোনো অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার করার মতো ঘটনা ঘটলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

তাছাড়া, নাসীরুদ্দিন পাটওয়ারীর ফেসবুক প্রোফাইলে ০১ ডিসেম্বর রাত ০৩:২৯ মিনিটে একটি ভিডিও শেয়ার করার মাধ্যমে তাকে ফেসবুকে সক্রিয় থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।

সুতরাং, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রেফতার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: