‘আওয়ামী লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’- সেলিনা হায়াৎ আইভীর নামে ভুয়া মন্তব্য 

সম্প্রতি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী “আওয়ামী লীগ গোপনে নয়. ওপেনে ঢাকা দখল করবে. ইনশাল্লাহ..!!” মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে৷

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

একই দাবির পোস্ট দেখুন টিকটক, ইউটিউব, থ্রেডস, ইনস্টাগ্রামে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘আওয়ামী লীগ গোপনে নয়. ওপেনে ঢাকা দখল করবে. ইনশাল্লাহ..!!’ শীর্ষক মন্তব্য করেননি সেলিনা হায়াৎ আইভী। প্রকৃতপক্ষে, কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া এই মন্তব্যটি প্রচার হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে সেলিনা হায়াৎ আইভীর এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে দেখা যায়, ‘সেলিনা হায়াৎ আইভী’ নামের একটি ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে গত ১৪ এপ্রিল একই পোস্ট করা হয়। এরপরই মন্তব্যটি সেলিনা হায়াৎ আইভীর দাবিতে ছড়াতে শুরু করে। এই প্রতিবেদন প্রকাশের সময় দেখা গেছে, সংশ্লিষ্ট প্রোফাইলটির নাম পরিবর্তন করে ‘MdTarekur Rahman’ রাখা হয়েছে এবং প্রোফাইলের ভেরিফায়েড ব্লু ব্যাজটিও আর নেই।

কিওয়ার্ড সার্চ করে অন্তত ২০৫ সালের ১১ এপ্রিল থেকে দাবিটি কারো নাম উল্লেখ ব্যতিত পোস্ট হিসেবেই ফেসবুকে প্রচার হতে দেখা যায়। সে বছরের ১০ এপ্রিল জাতীয় দৈনিক ইত্তেফাকের এক ফেসবুক পোস্টের শিরোনাম ছিল, “গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।” পত্রিকাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন! গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এই তথ্য। 

মূলত, ইত্তেফাকের এই প্রতিবেদনের পরই আলোচিত দাবি সংক্রান্ত পোস্টগুলো প্রচার হতে শুরু করে৷ একই দাবি গত ১৩ এপ্রিল থেকে কারো নাম উল্লেখ ব্যতিত ফের পোস্ট হিসেবেই ফেসবুকে প্রচার হতে দেখা যায়। এরপরই মন্তব্যটি সেলিনা হায়াৎ আইভীর দাবিতে প্রচার হতে শুরু করে।

গত বছরের ৯ মে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আরও নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের ৯ নভেম্বর এবং চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পৃথক জামিন আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আইভীকে ১০টি মামলাতেই জামিন দিয়েছিলেন। সর্বশেষ গতকাল সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, আইভীর বিরুদ্ধে দায়ের করা অন্য ১০টি মামলায় জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই।

সুতরাং, সেলিনা হায়াৎ আইভী ‘আওয়ামী লীগ গোপনে নয়. ওপেনে ঢাকা দখল করবে. ইনশাল্লাহ..!!’ বলে মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
Share: