ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশের দাবি করে দখলের হুমকি দেননি ড. ইউনূস, ভুয়া উক্তি প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হয়। যেখানে দাবি করা হয় যে তিনি বলেছেন- ‘সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের ৭টি রাজ্য আমাদের, এগুলো অচিরেই ভারতের কবল থেকে মুক্ত করবো’।

উল্লেখ্য, সেভেন সিস্টার্স বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে বোঝানো হয়: অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের সেভেন সিস্টার্সকে বাংলাদেশের দাবি করে রাজ্যগুলো অচিরেই ভারত থেকে মুক্ত করার বিষয়ে আলোচিত এমন কোনো মন্তব্য করেননি প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই প্রধান উপদেষ্টার নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ড. ইউনূস এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হতো।

সেভেন সিস্টার্সকে উল্লেখ করে ড. ইউনূসের মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে ড. ইউনূসকে নানাসময়ে নানা মন্তব্য করতে দেখা যায়। যেমন: গত মার্চে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘‘ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য। এই রাজ্যগুলো ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনও উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ।’’ এর আগে গত বছর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস জানিয়েছিলেন, বাংলাদেশে স্থিতিশীলতা দরকার। যদি বাংলাদেশে স্থিতিশীলতা না ফেরে তাহলে মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাত অঙ্গরাজ্যও অস্থিতিশীল হয়ে যেতে পারে বলে সেসময় সতর্কতা দিয়েছিলেন তিনি। তবে কখনোই তাকে ভারতের সেভেন সিস্টার্সকে বাংলাদেশের দাবি করে রাজ্যগুলো অচিরেই ভারত থেকে মুক্ত করার বিষয়ে আলোচিত মন্তব্য করতে দেখা যায়নি।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা আলোচিত মন্তব্য না করে থাকলেও গত ১৫ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আয়োজিত সভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তার বক্তৃতার এক পর্যায়ে বলেছেন, ‘ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে- মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এ দেশের সন্তানকে বিশ্বাস করে না, আপনারা (ভারত) যেহেতু তাদের আশ্রয়–প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই–– ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার্স আছে সেটাকে ভারতে থেকে আলাদা করে দেবো’। হাসনাত আবদুল্লাহর উক্ত বক্তব্য ঘিরে ভারত ও বাংলাদেশে বেশ আলোচনা-সমালোচনা চলছে।

সুতরাং, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের ৭টি রাজ্য আমাদের, এগুলো অচিরেই ভারতের কবল থেকে মুক্ত করবো’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: