ওসমান হাদির নামে ভোট চাননি সাদিক কায়েম, ভুয়া মন্তব্য প্রচার

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৪ ডিসেম্বর অন্তত বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে, ‘ঢাকা -৮ আসন নিয়ে হাদী ভাই যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে আপনারা আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ঢাকা -৮ আসন নিয়ে হাদী ভাই যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে আপনারা আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন’ শীর্ষক মন্তব্য করেননি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই সাদিক কায়েমের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে সাদিক কায়েম এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
পরবর্তীতে সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে ওসমান হাদির ওপর হামলার পরবর্তী সময়ে সাদিক কায়েমকে একাধিক পোস্ট করতে দেখা যায়। কিন্তু এসব পোস্টে আলোচিত মন্তব্য সমর্থিত কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় প্রার্থী হওয়ার দাবির বিষয়েও সাদিক কায়েমকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রকৃতপক্ষে সাদিক কায়েম আলোচিত মন্তব্যটি করেননি।
সুতরাং, ‘ঢাকা -৮ আসন নিয়ে হাদী ভাই যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে আপনারা আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন’ শীর্ষক মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Md Abu Shadik: Facebook Profile

