হিজাব পরিহিত তরুণীর সাথে সাদিক কায়েমের এই ছবিটি এআই জেনারেটেড

সম্প্রতি, শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে হিজাব পরিহিত একজন নারীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের একটি ছবি প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার। 

টিকটকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদনটি প্রকাশিত হওয়া পর্যন্ত টিকটকে প্রচারিত এই ছবিটি দেখা হয়েছে অন্তত ২ লাখ ৫৭ হাজার বার। এছাড়াও ছবিটিতে প্রায় ২৮ হাজার ৬০০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং শেয়ার করা হয়েছে ২১৫ বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাদিক কায়েমের সাথে হিজাব পরিহিত নারীর আলোচিত এই ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, সাদিক কায়েমের ভিন্ন একটি ছবির সাথে ইন্টারনেট থেকে সংগ্রহ করা এক নারীর ছবি এআই প্রযুক্তির সহায়তায় যুক্ত করে সেটিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে সাদিক কায়েমের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে ছবিটির সন্ধান পাওয়া যায়নি। তবে একই স্থানে বসে ধারণ করা একটি ছবি গত ৬ মার্চ তার অ্যাকাউন্টে পাওয়া যায়। কিন্তু ছবিতে সাদিক কায়েমের সাথে কোনো নারীকে দেখা যায়নি। এ থেকে প্রতীয়মান হয়, উক্ত ছবিটি ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

তাই প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

পরবর্তীতে আলোচিত ছবিতে ব্যবহৃত নারীর ছবিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ইন্টারনেটে বিদ্যমান একটি পুরোনো ছবির সন্ধান পাওয়া যায়। ছবিটিতে দেখতে পাওয়া নারী ও তার পোশাকের সাথে আলোচিত ছবিতে ব্যবহৃত নারীর ছবির কিছু মিল পাওয়া যায়।

সাদিক কায়েম ও প্রাপ্ত নারীর ছবিটি ব্যবহার করে পরবর্তীতে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির ‘ন্যানো বানানা’ প্রযুক্তি ব্যবহার করে আলোচিত ছবিটির মতো একটি ছবি তৈরি করা হয়।

যার সাথে আলোচিত ছবির উল্লেখযোগ্য সাদৃশ্য লক্ষ্য করা যায়। মূলত, জেমিনির বিশেষ ফিচার ‘ব্লেন্ড ফটোস টুগেদার’ ব্যবহার করে পৃথকভাবে তোলা একাধিক ছবি একত্রিত করে এমন নতুন দৃশ্য তৈরি করা সম্ভব। এ থেকে আরও নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত ছবিটি প্রাপ্ত ছবিগুলো ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং, সাদিক কায়েমের সাথে হিজাব পরিহিত নারীর ছবি দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • Md Abu Shadik Facebook Post
  • Beautiful Girls Facebook Post
  • SynthID
  • Rumor Scanner’s Analysis
Share: