ভারতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠককে ডাকসুর পক্ষ থেকে সাধুবাদ দাবিতে ভিপির নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতের ওই কূটনীতিক তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এজন্য এটি গোপন রাখা হয়েছে। এছাড়া, জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা চিন্তা করছে বলেও উল্লেখ করেছেন তিনি। এরই প্রেক্ষিতে “ভারতীয় কূটনীতির সাথে জামাতের আমির যে গোপন বৈঠকটি করেছে এটা দেশের মঙ্গলের জন্যই করেছে। এই গোপন বৈঠককে আমরা ডাকসু র পক্ষে থেকে সাধুবাদ জানায়” শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের সাথে জামায়াত আমীরের বৈঠককে সাধুবাদ জানিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, সাদিক কায়েমের ভিন্ন একটি বক্তব্য সংবলিত ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে ‘DU Insiders’ শীর্ষক নাম ও লোগো’র উপস্থিতি রয়েছে। তবে, এটি প্রকাশের তারিখ উল্লেখ পাওয়া যায়নি।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে অনুসন্ধানে ‘DU Insiders’ এর ফেসবুক পেজে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, দেশীয় অন্য কোনো সংবাদমাধ্যমে কিংবা বিশ্বস্ত সূত্রেও সাদিক কায়েমের বক্তব্য সংযুক্ত এরুপ কোনো তথ্য কিংবা সংবাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত বছরের ৩১ ডিসেম্বরে সাদিক কায়েমকে উদ্ধৃত করে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে শিরোনাম ব্যতীত বাকি উপাদানের মিল খুঁজে পাওয়া যায়।

মূল ফটোকার্ডে “আমি তখন ক্লাস থ্রিতে- ২০০৬ সাল। সেই সময় খাগড়াছড়িতে বেগম জিয়ার সফর হয়। আমি ছিলাম ছোট্ট এক বাচ্চা ছেলে। তাকে একবার দেখবো-এই আনন্দ এলাকার সকলের মতোই আমাকেও ছুঁয়ে যায়। সকালবেলা অন্যদের সাথে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ক্যান্টনমেন্টে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গায় যাই, তারপর মিছিলের সাথে দৌড়ে তার গাড়ির পিছু পিছু হাইস্কুল মাঠের সমাবেশে উপস্থিত হই। এক পলক তাকে দেখা- এটা ছিল আমাদের জন্য এক অন্যরকম আনন্দ।” শীর্ষক লিখা থাকলেও আলোচিত ফটোকার্ডে এর স্থলে “ভারতীয় কূটনীতির সাথে জামাতের আমির যে গোপন বৈঠকটি করেছে এটা দেশের মঙ্গলের জন্যই করেছে। এই গোপন বৈঠককে আমরা ডাকসু র পক্ষে থেকে সাধুবাদ জানায়” শীর্ষক বাক্য যুক্ত করা হয়েছে।
এছাড়া, সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্টে গত ৩০ ডিসেম্বরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্ধৃত করে ওসমান হাদীর বক্তব্য সংবলিত একটি ভিডিও প্রচার হতে দেখা যায়। যার ক্যাপশনের সঙ্গে DU Insiders এর পেজে প্রচারিত ফটোকার্ডের শিরোনামের মিল পাওয়া যায়।
অর্থাৎ, DU Insiders এর মূল ফটোকার্ডের শিরোনাম সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
এছাড়াও, সাদিক কায়েমের পক্ষ থেকে ভারতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠককে সাধুবাদ জানিয়ে দেওয়া কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ভারতের সাথে জামায়াত আমীরের বৈঠককে সাধুবাদ জানিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েমের বক্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Bangla Tribune: ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির
- DU Insiders: Facebook Page
- DU Insiders: Facebook Post
- Md Abu Shadik: Facebook Post

