গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। দেশিয় মূলধারার গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেছেন, “নিজেদের নিরাপত্তা নিজেরাই দিন”।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে ‘নিজেদের নিরাপত্তা নিজেরাই দিন’ বলেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, প্রচারিত পোস্টগুলোতে সংযুক্ত ফটোকার্ডে মূলধারার গণমাধ্যম ‘সময় টিভি’র লোগোর আদলে তৈরি ‘গরম টিভি’ নামের একটি লোগোর সংযুক্তি ও ফটোকার্ড প্রচারের তারিখ হিসেবে ১৯ ডিসেম্বরের উল্লেখ পাওয়া যায়৷
এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘গরম টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ১৯ ডিসেম্বরে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘গরম টিভি’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘পেজের সমস্ত খবর ব্যঙ্গ ও বিনোদনের জন্য তৈরি। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
গণমাধ্যমের হামলার বিষয়ে শফিকুল আলমের মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ‘প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় দুঃখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ ঘটনায় তিনি দুঃখিত ও লজ্জিত। গত ১৯ ডিসেম্বর বেলা পৌনে তিনটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।’ তবে তাকে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।
সুতরাং, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে ‘নিজেদের নিরাপত্তা নিজেরাই দিন’ বলেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gorom TV – Facebook Post
- Prothom Alo – আমি দুঃখিত, লজ্জিত: প্রেস সচিব শফিকুল আলম
- Rumor Scanner’s analysis


