আ.লীগ নেতার জানাজা প্রসঙ্গে শফিকুল আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার

গত ১৩ মে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। পরদিন চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম “একজন আওয়ামী লীগ নেতার জানাজায় যদি এত মানুষ হয়, তাহলে শেখ হাসিনা ফিরলে কী হবে” শীর্ষক মন্তব্য করেছেন বলে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জড়িয়ে শফিকুল আলম এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানের অংশ হিসেবে শফিকুল আলমের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ও ফেসবুক প্রোফাইলে প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।

সাধারণত দেশের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তি, বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে আলোচিত কোনো মন্তব্য করলে সেটি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু আওয়ামী লীগ নেতার জানাজা প্রসঙ্গে শফিকুল আলমের এমন মন্তব্য করার তথ্য বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, আ.লীগ নেতার জানাজা ও শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে শফিকুল আলমের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: