আহমাদুল্লাহ, আজহারি ও ড. ইউনূসকে জড়িয়ে টিকা দেওয়া প্রসঙ্গে সাবেক প্রেস সচিব শফিকুল আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার  

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড প্রচারিত হয়েছে। উক্ত ফটোকার্ডে দাবি করা হয় যে, তিনি বলেছেন, “ধর্মীয় বক্তা আহমাদুল্লাহ ও আজহারি হুজুর যখন বললেন শিশুদের টিকা দেওয়া ধর্মবিরোধী, তখন ড. ইউনুস এই টিকা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন। এখন শিশুদের মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, তবে সবচেয়ে বেশি দায়ী আহমাদুল্লাহ ও আজহারি।”

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “শিশুদের টিকা দেওয়া ইসলাম ধর্মবিরোধী, ধর্মীয় বক্তা আহমাদুল্লাহ ও আজহারি হুজুরের পরামর্শে ড. ইউনূস সরকার টিকাদান কার্যক্রম বন্ধ করেছিল” এমন বক্তব্য শফিকুল আলম দেননি। প্রকৃতপক্ষে, তার নাম ব্যবহার করে কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবির সূত্রপাত একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে। গত ৩১ মার্চ প্রকাশিত ‘ব্যাঙ্গবাজার’ নামের একটি পেজে একই ধরনের ফটোকার্ড প্রকাশ করা হয়, যা পরবর্তী সময়ে বিভ্রান্তিকরভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উক্ত পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায় এর অ্যাবাউট অংশে satire/parody হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বায়োতে “যারা ব্যঙ্গ বোঝে তাদের জন্য” বাক্যটি ব্যবহার করা হয়েছে, যা পেজটির ব্যঙ্গাত্মক ও রম্যধর্মী কনটেন্ট প্রকাশের উদ্দেশ্য নির্দেশ করে। এছাড়া পেজটিতে প্রকাশিত অন্যান্য পোস্টসমূহ (,,) পর্যবেক্ষণ করেও দেখা যায় যে, সেগুলোর অধিকাংশই সার্কাজম বা ব্যঙ্গধর্মী উপস্থাপনার অন্তর্ভুক্ত।

এছাড়া, আলোচিত দাবিটির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ পেত। পাশাপাশি, শফিকুল আলমের সাম্প্রতিক কোনো বক্তব্য, সাক্ষাৎকার বা ভেরিফায়েড ফেসবুক পেজেও উল্লিখিত মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারি এবং ড. ইউনূসকে জড়িয়ে শফিকুল আলমের নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • ByangoBazar – Facebook Post
  • Shafiqul Alam – Facebook Page
  • Rumor Scanner’s own analysis
Share: