১৬ ডিসেম্বর নিয়ে জামায়াতের আমীরের মন্তব্য দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানকে উদ্ধৃত করে ‘কষ্ট হলেও বলতে চাই, সবাই ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন করবেন: ডাঃ শফিকুর রহমান’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উল্লেখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শফিকুর রহমান ১৬ই ডিসেম্বর নিয়ে এমন কোনো মন্তব্য করেননি এবং আমার দেশও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ৮ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শফিকুর রহমানের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, বিজয় দিবস প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমীরকে উদ্ধৃত করে আমার দেশের নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Amar Desh – Facebook Page
- Amar Desh – Website
- Amar Desh – YouTube Channel
- Bangladesh Jamaat-e-Islami – Facebook Page
- Rumor Scanner’s Own Analysis

