বিএনপির সাথে আলোচনা করে সরকার গঠন করতে চায় জামায়াত শীর্ষক দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সহমর্মিতা জানাতে ১লা জানুয়ারি বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সম্প্রতি সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে ‘বিএনপির সাথে আলোচনা করে সরকার গঠন করতে চায় জামায়ত’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতের আমির তারেক রহমানকে বিএনপির সাথে আলোচনা করে সরকার গঠন করতে চায় জামায়াত এমন কোনো মন্তব্য করেননি এবং আমার দেশও এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৪ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
অর্থাৎ, আমার দেশ এর ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ছবি যাচাই
আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে দৈনিক প্রথম আলো এর ওয়েবসাইটে গত ২রা জানুয়ারি ‘অতীতে একসঙ্গে কাজ করেছি ভবিষ্যতেও করব: জামায়াতের আমির’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, দেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করবে বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাআল্লাহ বসব; খোলা মনে কথা বলব। জাতির জন্য আমরা চিন্তা করব; জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব…।
সুতারাং, ‘বিএনপির সাথে আলোচনা করে সরকার গঠন করতে চায় জামায়ত’ দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Amar Desh – Facebook Page
- Amar Desh – Website
- Amar Desh – YouTube Channel
- Daily Prothom Alo – অতীতে একসঙ্গে কাজ করেছি ভবিষ্যতেও করব: জামায়াতের আমির
- Rumor Scanner’s Own Analysis

