‘হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো’ শীর্ষক মন্তব্য দ্বারা শেখ হাসিনার প্রশংসা করেননি জামায়াত আমীর

সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যাতে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে বলতে শোনা যায়, ‘হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো’।

ভিডিওটি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘একজন মানুষের নীতি ভালো থাকলে, সে মানুষটি কখনোই খারাপ মানুষ হতে পারে না, রাজনীতি এমনভাবে করুন যেন জাত শত্রুও প্রশংসা করতে বাধ্য হয়। আমরা গর্বের সাথে বলতে পারি, আমাদের একজন জননেত্রী শেখ হাসিনা আছেন’।

অর্থাৎ, দাবি করা হয়েছে জামায়াত আমীর শেখ হাসিনার প্রশংসা করে বলেছেন, “হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো”।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি আড়াই লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ১৯ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে লাইক দেওয়া হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে ‘হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো’ শীর্ষক বক্তব্যে শেখ হাসিনার প্রশংসা করেননি জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। প্রকৃতপক্ষে, বিএনপির নেওয়া পদক্ষেপকে ‘ফ্যাসিবাদ’মূলক দাবি করে বিএনপিকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেছেন, ‘তারা (বিএনপি) আগেরটায় ফিরে গিয়ে তারা প্রমাণ করলেন, হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো।’ শফিকুর রহমানের মূল বক্তব্যের ভিডিও কেটে বিকৃতভাবে আলোচিত দাবিতে উপস্থাপন করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘ইত্তেফাক’ এর ইউটিউব চ্যানেলে গত ৯ এপ্রিলে ৭ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রচার হতে দেখা যায়। ভিডিওর ৩ মিনিট ৫৮ সেকেন্ড পরবর্তী সময়ে জামায়াত আমিরকে বলতে শোনা যায়, ‘..এরপরে বিচারক নিয়োগের ক্ষেত্রে কথা এসেছে। তারাই (বিএনপি/সরকার দল) যুক্তি দিতে গিয়ে প্রমাণ করেছেন যে অতীতে দলীয় বিবেচনায় যে সমস্ত বিচারপতিদের নিয়োগ করা হয়েছিল, তাদের হাতেই বিচারপতি খায়রুল হকের জন্ম হয়েছে, বিচারপতি মানিকের জন্ম হয়েছে এবং শপথবদ্ধ রাজনীতিবিদ জনাব এনায়েত রহিমের জন্ম হয়েছে। তারা এটা স্বীকার করেছেন। আমরা সেই জায়গাটায় ফোকাস করেছিলাম যে বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বের ভেতরে থাকে, তাহলে বিচার বিভাগে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। কাজেই আমরা চাই না এখানে নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব থাকুক। ইন্টেরিম গভর্নমেন্ট যে অধ্যাদেশ জারি করেছিল সেখানে কার্যত নির্বাহী বিভাগের কোনো প্রভাব ছিল না। তারা (বিএনপি/সরকার দল) আগেরটায় ফিরে গিয়ে তারা প্রমাণ করলেন, হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। আমরা সেইম বলতে বাধ্য হয়েছি। এটা কখনো হতে পারেনা। যে পদ্ধতি ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, সেই পদ্ধতি আবার বাংলাদেশের বিচারব্যবস্থায় ফিরে আসুক, এটা আমরা কামনা করিনা, এটা আমরা চাইনা।’

জামায়াত আমীরের উক্ত বক্তব্যের ভিডিও সময় টিভিসহ আরো একাধিক গণমাধ্যমে প্রচার হতে দেখা যায়।

এছাড়াও, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম একুশে টিভি, প্রথম আলোসহ একাধিক গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রচার হতে দেখা যায়। একুশে টিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ এপ্রিল সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার মুখে পরিবর্তনের কথা বললেও কার্যত পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের বিতর্কিত ও গণবিরোধী নীতিগুলোই বাস্তবায়ন করে যাচ্ছে। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ডা. শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা প্রমাণ করলো হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো।

উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে স্পষ্ট যে জামায়াত আমীর ‘হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো’ শীর্ষক বক্তব্য দ্বারা তিনি শেখ হাসিনার প্রশংসা করেননি বরং, বিএনপির নেওয়া পদক্ষেপকে ‘ফ্যাসিবাদ’মূলক পদক্ষেপ দাবি করে বিএনপির ও শেখ হাসিনার সমালোচনা করেছেন।

সুতরাং, প্রচারিত ভিডিওতে ‘হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো’ শীর্ষক বক্তব্যে শেখ হাসিনার প্রশংসা করেছেন জামায়াত আমীর শীর্ষক দাবি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: