সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের হাজার হাজার আদর্শিক কর্মীর মধ্যে কিছু কর্মী হয়তো শয়তানের বশবর্তী হয়ে ধ’র্ষণ, বলাৎকারের মতো স্বাভাবিক ঘটনাগুলো ঘটায়। তাই বলে পুরো দলকে দোষারোপ করা তো বেইনসাফি’
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধর্ষণ এবং বলাৎকার প্রসঙ্গে আলোচিত মন্তব্য করেননি ডা. শফিকুর রহমান। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২২ মে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘Bengali Steam’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।
এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা ইস্যুতে বিরোধী দলীয় নেতার একটি বক্তব্য পাওয়া যায়। গত ১ জুন রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘পল্লবীর শিশুটির হত্যার বিচার নিয়ে কোনো তামাশা দেখতে চান না। বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে বিচারের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, এই সংস্কৃতি থেকে বিচারবিভাগকে বের হয়ে আসতে হবে।
উল্লেখিত বক্তব্যের কোথাও শফিকুর রহমান আলোচিত কথাগুলো বলেননি।
সুতরাং, ধর্ষণ-বলাৎকার নিয়ে শফিকুর রহমানের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bengali Steam: Facebook Post
- Prothom Alo – পল্লবীর শিশুটির হত্যাকাণ্ডের বিচারে প্রধানমন্ত্রীর ওয়াদার শতভাগ বাস্তবায়ন চান বিরোধী দলীয় নেতা


