ব্যাংক দখল করে চালানো প্রসঙ্গে ডা. শফিকুর রহমানের বক্তব্য যুক্ত প্রথম আলোর এই ফটোকার্ডটি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ০৫ ফেব্রুয়ারি নওগাঁ শহরের এটিম মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক জনসভায় অংশগ্রহণ করেন। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দৈনিক প্রথম আলোর লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচারিত হয়। যেখানে দাবি করা হয় ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা চাদাবাজি করিনা। আমরা হাদিয়া বায়তুল মাল ইয়ানত কালেকশন করি। আমরা ব্যাংক দখল করে দল চালাই। আমাদের বগলের নিচে নাবিল গ্রুপ ও ইসলামি ব্যাংক।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমরা চাদাবাজি করিনা। আমরা হাদিয়া বায়তুল মাল ইয়ানত কালেকশন করি। আমরা ব্যাংক দখল করে দল চালাই। আমাদের বগলের নিচে নাবিল গ্রুপ ও ইসলামি ব্যাংক জামায়াতের আমির শফিকুর রহমান’ শীর্ষক তথ্যে বা শিরোনামে প্রথম আলো কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ৫ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া প্রথম আলোর ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ০৫ ফেব্রুয়ারি প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে উল্লেখ রয়েছে যে জানাজায় প্রধান উপদেষ্টা বলেছেন, “চাঁদাবাজি আমরা করি না। চাঁদাবাজি আমরা কাউকে করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না। বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না। কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপসরফা হবে না।” যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘আমরা চাদাবাজি করিনা। আমরা হাদিয়া বায়তুল মাল ইয়ানত কালেকশন করি। আমরা ব্যাংক দখল করে দল চালাই। আমাদের বগলের নিচে নাবিল গ্রুপ ও ইসলামি ব্যাংক জামায়াতের আমির শফিকুর রহমান’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, প্রথম আলোর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সম্বলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনে জানা যায়, ০৫ ফেব্রুয়ারি নওগাঁ শহরের এটিম মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক জনসভার বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘চাঁদাবাজি আমরা করি না। চাঁদাবাজি আমরা কাউকে করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না। বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না। কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপসরফা হবে না। মামলাবাজি আমাদের খাসলত নয়। মামলা–বাণিজ্য যারা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’

এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমে আলোচিত দাবিটি সমর্থন করে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, ডা. শফিকুর রহমান বলেছেন “আমরা চাদাবাজি করিনা। আমরা হাদিয়া বায়তুল মাল ইয়ানত কালেকশন করি। আমরা ব্যাংক দখল করে দল চালাই। আমাদের বগলের নিচে নাবিল গ্রুপ ও ইসলামি ব্যাংক” এমন বক্তব্য যুক্ত প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: