সম্প্রতি, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পদ্মা সেতুর মতো অবকাঠামো এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলিউড তারকা শাহরুখ খানের করা মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি ১০ হাজার বার দেখা হয়েছে। এটিতে প্রায় ৬ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-পদ্মা সেতু প্রসঙ্গে এবং শেখ হাসিনাকে জড়িয়ে শাহরুখ খান আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে।উক্ত ভুয়া বক্তব্য প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। সাধারণত জনপরিচিত কোনো ব্যক্তি এ ধরনের মন্তব্য করলে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে এ ঘটনায় তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এছাড়া, শাহরুখ খানে ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট পর্যালোচনা করেও এ ধরনের কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
সুতরাং, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পদ্মা সেতু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে শাহরুখ খানের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Shah Rukh Khan – Facebook Page
- Shah Rukh Khan – X Account


