সম্প্রতি, রাজধানী ঢাকার শাহবাগে ছাত্রলীগের বিশাল মশাল মিছিলের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একদল যুবক-যুবতী মশাল হাতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে’ শীর্ষক স্লোগান দিতে দিতে অগ্রসর হচ্ছেন।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মশাল মিছিলে ভিডিওটি ছাত্রলীগের কোনো কর্মসূচির নয়। প্রকৃতপক্ষে, এটি সীমান্তে বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার প্রতিবাদে জাতীয় যুবশক্তির মশাল মিছিলের ভিডিও।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দৈনিক যায়যায়দিন পত্রিকার ফেসবুক পেজে গত ৩ ডিসেম্বর সরাসরি সম্প্রচারিত একটি মিছিলের একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক হত্যার প্রতিবাদে যুবশক্তির মশাল মিছিলের ভিডিও। এছাড়াও লক্ষ্য করা যায়, মিছিলে আলোচিত ভিডিওর মত ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে’ শীর্ষক স্লোগানের পরিবর্তে ভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আওয়ামী লীগ সমর্থিত স্লোগান যুক্ত করা হয়েছে।
পরবর্তীতে অনুসন্ধানে জাতীয় যুবশক্তি এবং জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে একই কর্মসূচির ভিডিও এবং ছবি প্রচারিত হতে দেখা যায়।
সুতরাং, জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিলের ভিডিওকে শাহবাগে ছাত্রলীগের সাম্প্রতিক মশাল মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।


