নির্বাচনে ইসকনের ভোট জামায়াত পাবে শীর্ষক মন্তব্য শাহজাহান চৌধুরী করেননি, আমার দেশের ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ‘নির্বাচনে ইসকনের সকল ভোট জামায়াতে ইসলামী পাবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ‘নির্বাচনে ইসকনের সকল ভোট জামায়াতে ইসলামী পাবে’ শীর্ষক কোনো মন্তব্য করেননি এবং আমার দেশও এসংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে আমার দেশের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ২৪ নভেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে।

উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে আমার দেশের ফেসবুক পেজে গত ২৪ নভেম্বর প্রকাশিত এসংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এরূপ মন্তব্য প্রকাশ্যে করলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

এরপর আলোচিত ফটোকার্ডটিতে থাকা ছবির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে জাতীয় দৈনিক কালবেলার ওয়েবসাইটে গত বছরের ১১ আগস্ট “শ্রীকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়” শীর্ষক শিরোনাম প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ছবির মিল রয়েছে। 

কালবেলার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১১ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড়স্থ ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির পাঁচলাইশ চট্টগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সাবেক এমপি, সাবেক সংসদীয় দলের হুইপ ও চট্টগ্রাম মহানগরী আমির আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন। সেই সময়কার ছবি এটি।

অর্থাৎ, ছবিটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

সুতরাং, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ‘নির্বাচনে ইসকনের সকল ভোট জামায়াতে ইসলামী’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: