মুক্তিযুদ্ধে জামায়াতের অবদান প্রসঙ্গে এমপি শাহাজাহান চৌধুরীকে জড়িয়ে আমার দেশের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে জড়িয়ে তার ছবিসহ আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে। উক্ত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, শাহজাহান চৌধুরী সংসদে বলেছেন যে, “মুক্তিযুদ্ধের সময় অস্ত্র, গোলাবারুদ দিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগীতা করেছিলো জামায়াত”। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে জড়িয়ে আমার দেশ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং শাহজাহান চৌধুরীরও এমন কোনো বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শাহজাহান চৌধুরীর বক্তব্য সংবলিত আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে আমার দেশের লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২৮ এপ্রিল, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৮ এপ্রিল কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে, দৈনিক আমার দেশের ফেসবুক পেজে গত ২৮ এপ্রিলে ‘শেখ মুজিবকে আগরতলা মামলা থেকে মুক্ত করতে জামায়াত আন্দোলন করেছিল’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির শিরোনামের প্রথম অংশটি ঠিক থাকলেও নিচের লেখার ফন্ট ভিন্ন এবং আকারেও খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়। 
মূল ফটোকার্ডটিতে ‘শেখ মুজিবকে আগরতলা মামলা থেকে মুক্ত করতে জামায়াত আন্দোলন করেছিল’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে নিচের অংশে সম্পাদনা করে এর স্থলে ‘মুক্তিযুদ্ধের সময় অস্ত্র, গোলাবারুদ দিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগীতা করেছিলো জামায়াত’ শীর্ষক বাক্য যুক্ত করা হয়েছে।  

অর্থাৎ, আমার দেশের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত আমার দেশের পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসদে দাবি করেছেন, আগরতলা মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্ত করতে জামায়াত আন্দোলন করেছিল এবং দলটি স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, অতীতের ইতিহাস টেনে বর্তমান জামায়াতকে দোষারোপ না করে দলটির বর্তমান অবস্থান ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা বিবেচনা করা উচিত।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও শাহজাহান চৌধুরীর ‘মুক্তিযুদ্ধের সময় অস্ত্র, গোলাবারুদ দিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগীতা করেছিলো জামায়াত’ শীর্ষক বক্তব্যের পক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, মুক্তিযুদ্ধের সময় অস্ত্র, গোলাবারুদ দিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগীতা করেছিলো জামায়াত: সংসদে শাহাজাহান চৌধুরী” শীর্ষক দাবিতে দৈনিক আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: