বিভ্রান্তির উদ্দেশ্যে শাহরিয়ার কবিরের পূর্ণ বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার

সম্প্রতি, ‘আপনারা যেকোনো হিন্দু পাড়ায় হামলা করেন’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।  উক্ত ভিডিওতে  বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবিরকে বলতে দেখা যায়, “আপনারা যেকোনো একটা হিন্দুপাড়া আক্রমণ করেন। এইটা সমস্ত মাদ্রাসার দিকে ইয়ে করেন, ছেলেপেলেকে আটকায় ফেলেন। এইটাই চলে আসছে ৫৩ বছর। সো এইটা যাতে করতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে।”

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির হিন্দুপাড়ায় আক্রমণ করা সংক্রান্ত উক্ত মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, অতীতের নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করতে গিয়ে করা মন্তব্যের খণ্ডাংশকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘AL-MADINA. TV’ নামক ইউটিউব চ্যানেলে গত ১০ জানুয়ারি ‘Live : বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ২১ মিনিট ৫০ সেকেন্ড অংশ থেকে ২২ মিনিট ০৭ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ২৩ মিনিটের ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। শাহরিয়ার কবির উক্ত মন্তব্য করার ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে বলেন, “রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটা করা হয় সেটাকে বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। পার্সোনাল লেভেলে না। এখন আরেকটা কাজ কী করে, এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেয়ে, সেটা হচ্ছে পুলিশ। পুলিশ প্রথম কাজটাই করে যে, তার কাছে লিস্ট থাকে। প্রতিটা গ্রামের কে কোন পার্টি করে। তো ওনাদের সাথে ডিল হয়ে গেল।”

এরপরই অতীতের নির্বাচন প্রক্রিয়ায় পরিকল্পিত সহিংসতা নিয়ে বলেন “…ধরেন আমি জামায়াতে ইসলামীর ক্যান্ডিডেট, আমি বলে দিলাম, এই এসপি সাহেব, আপনাদের জন্যে এই পাঁচ-দশ কোটি টাকা থাকলো। আগের দিন দুটা বোম ফাটায়া একটা নাটক করবেন জঙ্গিবাদের, একটা মাদ্রাসার দিকে করে ওই এলাকায় যত জামায়াতে ইসলামীর আছে সবগুলাকে কিন্তু ধরে ফেলবেন রাত্রে বেলা। না হলে আরেকটা কাজ করলাম কী, ঠিক আছে, একটা কাজ করেন, আপনারা যেকোন একটা হিন্দুপাড়া আক্রমণ করেন। এইটা সমস্ত মাদ্রাসার দিকে ইয়ে করেন, ছেলেপেলেকে অ্যারেস্ট করেন। এইটাই তো হয়ে আসছে ৫৩ বছর। সো এইটা যাতে করতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে।” উক্ত ভিডিওর কোথাও তাকে হিন্দুদের ওপর আক্রমণ করতে বলে উক্ত কথাগুলো বলতে দেখা যায়নি।

এছাড়া, উক্ত দাবিতে প্রচারিত একটি পোস্টে ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে সংসদ সদস্য পদপ্রার্থী দাবি করা হলেও বাস্তবে তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং আসন্ন নির্বাচনের প্রার্থী নন।

সুতরাং, অতীতের নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করতে গিয়ে করা মন্তব্যের একটি খণ্ডাংশকে তিনি হিন্দুপাড়ায় আক্রমণ করতে বলেছেন দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: