নিজের আসল বক্তব্যকে ভুয়া বলে দাবি ব্যারিস্টার শাহরিয়ার কবিরের  

সম্প্রতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবিরের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “জামায়াত ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কী দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কী জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই। কারণ ৭২ কাতারের মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামায়াত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন—নাই বাবা।”


ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শাহরিয়ার কবির দাবি করেন, এটি ভুয়া। এ দাবির পক্ষে তার ফেসবুক পেজে একটি পোস্টও প্রচার করা হয়। দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জান্নাতে যেতে জামায়াত ছাড়া কোনো বিকল্প নেই মর্মে শাহরিয়ার কবিরের দেওয়া বক্তব্যটি ভুয়া নয়। বরং তিনি নিজেই নিজের দেওয়া প্রকৃত বক্তব্যকে ভুয়া বলে দাবি করেছেন।

এ বিষয়ে অনুসন্ধানে গত ১৭ ডিসেম্বর ‘Chittagong University News চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ’ নামের একটি ফেসবুক পেজে আলোচিত বক্তব্যের ভিডিও পাওয়া যায়। ভিডিওতে শাহরিয়ার কবিরকে উল্লিখিত বক্তব্য দিতে শোনা যায়। পরদিন, ১৮ ডিসেম্বর, একই বক্তব্যের ভিডিও মূলধারার গণমাধ্যম যায়যায়দিনেও প্রকাশিত হয়।

ভিডিওটি পর্যালোচনায় ‘ABS BIPLOB’ লেখা একটি জলছাপ দেখা যায়, যার সূত্র ধরে একই নামের একটি ইউটিউব চ্যানেলের সন্ধান পাওয়া যায়। বর্তমানে চ্যানেলটিতে ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওটি না থাকলেও, ১৮ ডিসেম্বর শাহরিয়ার কবিরের ওই অনুষ্ঠানেরই ১৬ মিনিট ৫১ সেকেন্ডের একটি দীর্ঘ ভিডিও পাওয়া যায়। ভিডিওটির বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে, এটি নওগাঁর আত্রাইয়ে শাহরিয়ার কবিরের দেওয়া বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও। সেখানে ভাইরাল ভিডিওটি কাটছাঁট বা এডিট করা হয়েছে দাবি করে দুঃখ প্রকাশ করে লেখা হয়, ‘কার্ট, কার্ট করে এডিট করা আমার ঠিক হয়নি’।

পরবর্তীতে, রিউমর স্ক্যানার ওই দীর্ঘ ভিডিওটি বিশ্লেষণ করে। ভিডিওর ১২ মিনিট ৫৭ সেকেন্ড থেকে শাহরিয়ার কবিরকে বলতে শোনা যায়, ‘জামায়াত ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কী দায়িত্ব? নৈতিক দায়িত্ব।’ এরপর তিনি বলেন, ‘এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন—নাই বাবা।’

ভিডিওর ১৩ মিনিট ০২ সেকেন্ড পর্যন্ত ‘নৈতিক দায়িত্ব’ সংক্রান্ত কথাটি বলার পর ১৩ মিনিট ০৩ সেকেন্ড থেকে ‘দ্বিতীয় অপশন’ কথাটি শুরু হয়। এই দুই অংশের সংযোগস্থলে কিছু দৃশ্যত অসংগতি লক্ষ্য করা যায়। যেমন: হঠাৎ ফ্রেমের পরিবর্তন, কণ্ঠস্বরের ওঠানামা এবং তার শরীরের অবস্থানের আকস্মিক বদল। সাধারণত কোনো ভিডিওর মাঝখান থেকে নির্দিষ্ট অংশ কেটে বাদ দিলে এ ধরনের অসংগতি দেখা যায়।

বিপরীতে, ভাইরাল হওয়া ভিডিওটি বিশ্লেষণ করে এমন কোনো অসংগতি পাওয়া যায়নি।

এছাড়া, দীর্ঘ ভিডিওর ১২ মিনিট ৫৭ সেকেন্ড থেকে ১৩ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত অংশটি একসঙ্গে করলে বক্তব্যটি দাঁড়ায়: ‘জামায়াত ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কী দায়িত্ব? নৈতিক দায়িত্ব। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন—নাই বাবা।’ লক্ষ্য করলে দেখা যায়, এটি একটি অসম্পূর্ণ বক্তব্য। এখানে জামায়াত ও জান্নাত সম্পর্কিত ভাইরাল অংশটি যুক্ত করলেই বক্তব্যটি পূর্ণাঙ্গ ও অর্থবহ হয়। ওই অংশটি ছাড়া তিনি কোন ‘অপশন’-এর কথা বলছেন তা অস্পষ্ট থেকে যায়।

অর্থাৎ, ভাইরাল ভিডিওটি এডিট করা হয়েছে দাবি করে ওই ইউটিউব চ্যানেলে যে ‘পূর্ণাঙ্গ ভিডিও’ আপলোড করা হয়েছে, প্রকৃতপক্ষে সেই ভিডিও থেকেই ডিজিটাল কারসাজির মাধ্যমে জামায়াত ও জান্নাত সংক্রান্ত অংশটি বাদ দেওয়া হয়েছে।

শাহরিয়ার কবিরের বক্তব্যটি কবে দেওয়া হয়েছে, তা নিয়েও অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার। সাম্প্রতিক সময়ে নওগাঁ জেলার আত্রাই এলাকায় তার উপস্থিতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যায়যায়দিনে ২০২৪ সালের ২৫ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ওই দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর আত্রাই উপজেলা শাখার আয়োজনে সুধী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরিয়ার কবির। প্রতিবেদনে প্রকাশিত তার ছবির সঙ্গে ভাইরাল বক্তব্যের সময় তার পরিহিত পোশাকের মিল পাওয়া যায়। পাশাপাশি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবির (, ) সঙ্গেও ভিডিওটির স্টেজ ও আশপাশের পরিবেশের মিল দেখা যায়।

এ বিষয়ে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ‘ABS BIPLOB’ ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি জানান, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং এটি তার কাছে আগে থেকেই সংরক্ষিত ছিল যা তিনি সম্প্রতি প্রকাশ করেছেন। তবে তার আপলোড করা ১৬ মিনিটের ভিডিওটিতে জান্নাত ও জামায়াত সংক্রান্ত অংশ না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তিনি নিজেও বুঝতে পারছেন না।

এছাড়া, গত ১৯ ডিসেম্বর রিউমর স্ক্যানারের ফেসবুক পেজে এ বিষয়ে একটি ফ্যাক্টচেক পোস্ট প্রকাশের পর বক্তব্যটিকে ভুয়া দাবি করে শাহরিয়ার কবিরের ফেসবুক পেজে দেওয়া আলোচিত পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

সুতরাং, জান্নাতে যেতে জামায়াত ছাড়া আর কোনো বিকল্প নেই বলে শাহরিয়ার কবিরের দেওয়া বক্তব্যটি আসল। এটিকে ভুয়া দাবি করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: