সাকিব আল হাসান দেশে ফেরেননি, এটি ২০২২ সালের ভিডিও 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সবশেষ ২০২৪ সালে জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে খেলেছিলেন। সাকিবের ফেরার বিষয়ে আইনি জটিলতা ও প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকেবিসিবির কর্মকর্তারা গণমাধ্যমে বক্তব্য প্রদান করেছেন। এরই প্রেক্ষিতে সাকিব আল হাসান গত ২৬ ফেব্রুয়ারি রাতে দেশে ফিরেছে দাবিতে একটি ভিডিও ‘সব রকম কেস মিটিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ২৬.০২. ২০২৬’ শিরোনামে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৫২ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৩ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাকিব আল হাসান দেশে ফিরেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, বেটউইনার ইস্যুতে বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসতে ২০২২ সালের আগস্টে তার দেশে আসার ভিডিও প্রতিবেদনকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ওয়েবসাইটে ২০২২ সালের ১৩ আগস্ট ‘বিসিবির সাথে জরুরি সভা; সাকিব দেশে ফিরলেন কঠোর গোপনীয়তায়’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে৷

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির শুরু থেকে ০০:১৬ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে৷

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, বেটউইনার নিউজের সাথে সাকিব আল হাসানের বিতর্কিত চুক্তির বিষয়ে বিসিবির তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে জরুরি বৈঠকে অংশ নিতে ২০২২ সালের ১২ আগস্ট দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন সাকিব।

অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়৷

পরবর্তীতে, এ বিষয়ে একাধিক গণমাধ্যমে (, ) প্রকাশিত প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়।

তাছাড়া, সাকিব আল হাসান দেশে ফিরলে এ বিষয়ে গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান দেশে ফিরেছেন দাবিতে ২০২২ সালের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর

তথ্যসূত্র

Share: