সময় টিভিকে জড়িয়ে সাকিবের নামে জুয়ার অ্যাপের ভুয়া বিজ্ঞাপন প্রচার

সম্প্রতি, ফেসবুকে Whispering Shores নামে একটি পেজ থেকে মাগুরা- ১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের ফুটেজ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগো সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। যেখানে সাকিব আল হাসানের নিজস্ব অ্যাপ দাবিতে Crazy Time নামের একটি জুয়ার অ্যাপের বিজ্ঞাপন প্রদর্শিত হয়।

সাকিবের নামে জুয়া

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

বাংলাদেশের মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টেলিভিশনের লোগো যুক্ত করে প্রচারিত এই ভিডিওতে একজন উপস্থাপিকাকে সংবাদ পাঠ করতে দেখা যায়। সময় টেলিভিশনের লোগোর পাশে স্ক্রলে লেখা রয়েছে, “শাকিব আল হাসানের নতুন অ্যাপের ব্যবহারকারীরা গাড়ি জেতার সুযোগ পাবেন”। সংবাদ পাঠিকাকে এ সংক্রান্ত তথ্যই দিতে দেখা যায়। পরবর্তীতে, সাকিব আল হাসানের একটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। এই ফুটেজে তাকে অ্যাপটির প্রচারণা চালাতে দেখা গেছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘Crazy Time’ নামের কথিত জুয়ার অ্যাপের সাথে সাকিব আল হাসানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং সময় টিভিও এমন কোনো জুয়ার অ্যাপের প্রচারণা চালায়নি। প্রকৃতপক্ষে সাকিব আল হাসানের পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে উক্ত দাবি সম্বলিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওতে থাকা সংবাদ পাঠিকার ফুটেজের কিছু অংশ রিভার্স ইমেজ সার্চ ও কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম Rtv News এর ইউটিউব চ্যানেলে গত ২৯ এপ্রিল Rtv Sondhar News | সন্ধ্যার সংবাদ | ২৯ এপ্রিল, ২০২৪ | Rtv News শীর্ষক শিরোনামে প্রচারিত একটি সংবাদ বুলেটিনের ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত সংবাদ বুলেটিনে দুজন সংবাদপাঠিকা রয়েছেন। যার মধ্যে দ্বিতীয় সংবাদ পাঠিকার সংবাদ পাঠের বেশকিছু অংশের সাথে আলোচিত ভিডিওর সংবাদপাঠিকার ফুটেজের হুবহু মিল রয়েছে। তবে ভিডিওটির কোথাও তাকে আলোচিত অ্যাপ বা সাকিব আল হাসানকে নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। অন্যদিকে, ভিডিওটির স্ক্রলে সময় টিভির লোগো ব্যবহার করা হলেও সময় টিভির কোনো প্লাটফর্মেই এ সংক্রান্ত কোনো তথ্য মেলেনি।

পরবর্তীতে সাকিব আল হাসানের ফুটেজটি অনুসন্ধানে ভিডিওতে ব্যবহৃত সাকিবের ফুটেজের কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মোবাইল ফোন অপারেটর Grameenphone এর ভেরিফাইড ফেসবুক পেজে ২০২১ সালের ৭ মে সাকিবের সেরা ১৩! শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটির সাথে আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত সাকিব আল হাসানের ফুটেজের বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে।

পাশাপাশি জানা যায়, এটি মূলত সাকিব আল হাসানের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ নিয়ে করা একটা ভিডিও। যেখানে সাকিব আল হাসানের মতে সেরা ১৩ টি জিনিস নিয়েও আলোচনা করা হয়। তবে ভিডিওটির কোথাও জুয়ার অ্যাপ বিষয়ক কোনো আলোচনা করতে দেখা যায়নি।

ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা যায়

আলোচিত জুয়ার বিজ্ঞাপন প্রচারকারী পেজটি (আর্কাইভ) পর্যালোচনা করে দেখা যায় এতে কিছু অনলাইন ভিত্তিক জুয়া খেলার প্রচারণামূলক পোস্ট রয়েছে (, , )। এছাড়াও পেজটির লোকেশনের স্থানে ভিয়েতনামের হ্যানয় শহরের কথা উল্লেখ রয়েছে। পরবর্তীতে পেজটির ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায় পেজটি ফিলিপাইন, ইউক্রেন, ভিয়েতনাম, নেপাল এবং যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হচ্ছে। পাশাপাশি জানা যায় উক্ত পেজটি ২০২০ সালের ২৩ ডিসেম্বর তৈরি করা হয়েছে এবং পেজটির নাম একবার পরিবর্তন করা হয়েছে।

মূলত, সম্প্রতি ফেসবুকে Whispering Shores নামে একটি পেজ থেকে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান Crazy Time নামের একটি জুয়ার অ্যাপ তৈরি করেছেন শীর্ষক দাবিতে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টিভির লোগো সম্বলিত একটি বিজ্ঞানপনমূলক ভিডিও প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, আরটিভি’র সংবাদ পাঠিকার ভিডিও, সাকিব আল হাসানের গ্রামীণফোনকে দেওয়া পুরোনো সাক্ষাৎকারের ফুটেজ এবং এআই দিয়ে তৈরি অডিও ও সময় টিভির লোগো ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

সুতরাং, সময় টিভিকে জড়িয়ে সাকিব আল হাসানের নামে প্রচারিত জুয়ার অ্যাপের বিজ্ঞাপনের  দাবিটি মিথ্যা এবং বিষয়টি স্ক্যাম ও প্রতারণা।

তথ্যসূত্র

Share: