সাকিবের বাংলাদেশে ফেরা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শীর্ষক ভুয়া দাবি প্রচার 

সাকিব আল হাসান সবশেষ ২০২৪ সালে ভারতের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এরপর থেকে আর লাল সবুজের জার্সিতে খেলা হয়নি তার। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমি শুনেছি যে: সাকিব আল হাসান পূর্ণাঙ্গ সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন! কঠিন সময়ে সাকিবের এই বার্তা যেন পুরো জাতির জন্য স্বস্তি ও আনন্দের খবর!তিনি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে ফিরবেন! আর নিজের ইচ্ছামতো একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই দেশের জার্সিতে সম্মানের সাথে নেবেন বিদায়।সাকিব মানেই লড়াই, সাকিব মানেই এক প্রজন্মের অনুপ্রেরণা।”

উক্ত দাবির টিকটক পোস্ট দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় ৬০ হাজারের বেশি বার।

একই দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাকিব আল হাসান প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই তারেক রহমানকে জড়িয়ে ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সাকিব আল হাসানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য করার কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

নতুন করে আবারো সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। বিসিবির একজন পরিচালক ২৩ ফেব্রুয়ারি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টকে জানান, সাকিবের মামলার ফাইল যাচ্ছে সচিবলায়ে। সেই পরিচালক বলেন, ‘আজকে ক্রীড়া প্রতিমন্ত্রীকে সাকিবের ফাইলের ব্যাপারে ব্রিফ করা হয়েছে। ওনি বলেছেন ফাইলটা সচিবকে দিয়ে দিতে। এটা আগামীকাল সচিব বরাবর পৌঁছে দেয়া হবে এতটুকুই আপডেট।’

একইদিন জাতীয় দৈনিক আজকের পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, সাকিবের ফেরার পুরো বিষয়টি নির্ভর করছে আইনি জটিলতা ও সরকারের সিদ্ধান্তের ওপর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তার নামে যে মামলাগুলো রয়েছে, সেগুলো রাষ্ট্র দেখবে। বিসিবি সহসভাপতি ফারুক আহমেদও ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তান সিরিজ দিয়ে ফিরতে পারবেন সাকিব। ১১, ১৩ ও ১৫ মার্চ হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

অর্থাৎ, সরকার ও বিসিবির কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে সাকিবের বিষয়ে গণমাধ্যমকে বক্তব্য প্রদান করেছেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সংক্রান্ত কোনো মন্তব্য করেননি।

সুতরাং, সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: