শাকিব খানকে উদ্ধৃত করে লকডাউন ঘোষণার ভুয়া দাবি টিকটকে

সম্প্রতি, ‘আগামী ১৩ তারিখে লকডাউন ঘোষণা দিলেন শাকিব খান আওয়ামী লীগের লোকজন রাস্তায় নামবে’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে চিত্রনায়ক শাকিব খান লকডাউনের ঘোষণা করেননি। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও যুক্ত করে আলোচিত দাবিটি ছাড়ানো হয়েছে।

ভিডিও যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি ‘কী চলছে শাকিব খান এবং প্রযোজক রহমত উল্লাহর মধ্যে?’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ঢাকা টাইমসের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন চাঁদা দাবির অভিযোগ এনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করেছেন নায়ক শাকিব খান।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের।

ভিডিও যাচাই ২

এ বিষয়ে অনুসন্ধানে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৭ আগস্ট ‘ভক্তদের ভালোবাসায় আপ্লুত শাকিব খান’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে আরটিভির ওয়েবসাইটে ২০২২ সালের ১৭ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে দেশে ফিরলেন চিত্রনায়ক শাকিব খান। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে ভক্তরা হাজির হন।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২২ সালের।

আলোচিত দাবির ভিডিওতে এমন আরও ছবি ও ভিডিও যুক্ত করা হয়েছে, যেগুলোর সাথে দাবির কোনো সম্পর্ক নেই।

এছাড়া, শাকিব খান এমন কোনো ঘোষণা দিলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। তবে আলোচিত বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, অভিনেতা শাকিব খান লকডাউন ঘোষণা করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: