জুলাই গণঅভ্যুত্থানের জেরে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বহু নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তাদের অনেককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে, আবার অনেকে দেশত্যাগ করেন। গণমাধ্যম সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামও দেশ ছাড়াদের তালিকায় রয়েছে।
সম্প্রতি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপির নামে পরিচালিত একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাদের পরিবারকে ঘিরে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করা হয়। পোস্টগুলো প্রকাশের পর বিদেশে অবস্থানরত শামীম ওসমানের পরিবারের সাম্প্রতিক কার্যক্রমের দৃশ্য দাবি করে সেগুলো বিভিন্ন গণমাধ্যম, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ছবিতে শামীম ওসমানের পরিবারকে কেক কাটতে দেখা যায়। দুইটি ভিডিওর মধ্যে একটিতে শামীম ওসমানকে পরিবারের সদস্যদের সঙ্গে গাড়ি চালাতে দেখা যায়। অন্য ভিডিওতে তার ছেলে অয়ন ওসমান, স্ত্রী সালমা ওসমান এবং শামীম ওসমান একসঙ্গে নববর্ষের শুভেচ্ছা জানান।
ছবিটি নিয়ে ফেসবুকে প্রচারিত দাবি দেখুন: এখানে, এখানে, এখানে।
একই ছবি নিয়ে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত দাবি দেখুন: ইন্সটাগ্রাম, থ্রেডস।
প্রথম ভিডিও নিয়ে গণমাধ্যমের দাবি দেখুন: যুগান্তর, খবরের কাগজ, মাই টিভি, এনপিবি নিউজ, ডেইলি সান, বিডি২৪রিপোর্ট, বৈশাখী টিভি, বাংলা টিভি, দ্য নিউজ, বার্তা বাজার।
একই দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত দাবি দেখুন: ফেসবুক, টিকটক, থ্রেডস, ইউটিউব, ইন্সটাগ্রাম, এক্স।
দ্বিতীয় ভিডিও নিয়ে গণমাধ্যমের দাবি দেখুন: এশিয়া পোস্ট।
একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত দাবি দেখুন: ইউটিউব, ইন্সটাগ্রাম।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি ও ভিডিওগুলো সাম্প্রতিক ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এগুলো পুরোনো ছবি ও ভিডিও। শামীম ওসমানের স্ত্রীর নামে পরিচালিত একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে সাম্প্রতিক সময়ে এগুলো পুনরায় প্রচার করা হলে সাম্প্রতিক দৃশ্য দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
কেক কাটার ছবি যাচাই
ছবিটি নিয়ে অনুসন্ধানে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ভেরিফায়েড ইন্সটাগ্রাম প্রোফাইলে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত একই ছবি পাওয়া যায়। ছবিটির ক্যাপশন অনুযায়ী, এটি শামীম ওসমানের জন্মদিনে কেক কাটার মুহূর্ত। নারায়ণগঞ্জের একটি স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, ১৯৬১ সালের ২৮ ফেব্রুয়ারি শামীম ওসমানের জন্ম।
অর্থাৎ, এটি সাম্প্রতিক সময়ের নয়; ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বের ছবি।
গাড়ি চালানোর ভিডিও যাচাই
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে শামীম ওসমানের স্ত্রীর ফেসবুক পেজে ২০২৪ সালের ১৪ জুলাই প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। পাশাপাশি, অয়ন ওসমানের ইন্সটাগ্রাম প্রোফাইলে আগের দিন অর্থাৎ ১৩ জুলাই একই গাড়ির একাধিক ছবিসহ একটি পোস্টও দেখা যায়। পোস্টের ক্যাপশন অনুযায়ী, ছবিগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তোলা।
২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা পোস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, সপরিবারে আমেরিকা সফর শেষে ১৬ জুলাই ঢাকা ফেরেন শামীম ওসমান। এরপর পেটের পীড়া নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।
অর্থাৎ, গাড়ি চালানোর ভিডিওটিও ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বের।
নববর্ষের শুভেচ্ছার ভিডিও যাচাই
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে ‘Joy Bangla BD’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ জুলাই একই ভিডিও প্রচার হতে দেখা যায়। ভিডিওর শিরোনামে এটি অয়ন ওসমানের নববর্ষের শুভেচ্ছা জানানোর দৃশ্য বলে দাবি করা হয়। অন্যদিকে, একই ভিডিও ২০২৩ সালের পহেলা জানুয়ারি ‘দৈনিক সত্যের ডাক অনলাইন নিউজ মিডিয়া’ নামের একটি ফেসবুক পেজ থেকেও প্রচার করা হয়। সেখানে এটিকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানানোর দৃশ্য হিসেবে দাবি করা হয়েছে।
ভিডিওটির সুনির্দিষ্ট প্রেক্ষাপট বা সময়কাল পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও এটি সাম্প্রতিক অথবা ২০২৪ সালের ৫ আগস্টের দৃশ্য নয়, তা নিশ্চিতভাবে বলা যায়।
অর্থাৎ, প্রচারিত ছবি ও ভিডিওগুলো পুরোনো; সাম্প্রতিক নয়।
এদিকে, সালমা ওসমান লিপির ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়, আলোচিত ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া।
সুতরাং, শামীম ওসমান পরিবারের পুরোনো ছবি ও ভিডিওকে সাম্প্রতিক দৃশ্য বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Ayon Imtinan Osman: Instagram Post
- Lipi Osman: Facebook Post
- Ayon Imtinan Osman: Instagram Post
- Joy Bangla BD: YouTube Video
- দৈনিক সত্যের ডাক অনলাইন নিউজ মিডিয়া: Facebook Post
- Lipi Osman: Facebook Post


