বিভ্রান্তির উদ্দেশ্যে কণ্ঠশিল্পী সায়ানের পূর্ণ বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার

সম্প্রতি, ‘ঝুলাই যোদ্ধারা যোদ্ধারা যদি পাঁচ হাজার কোটি টাকা চুরিও করে তবে সেটা হালাল: সিঙার দাতালী ট্রান্সজেন্ডার’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।  উক্ত ভিডিওতে কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানকে বলতে দেখা যায়, “আমি জুলাই যোদ্ধা, আমি জুলাইয়ে জীবনের ঝুঁকি নিয়ে ডিবি অফিসে ছিলাম। কাজেই আমি যদি পাঁচ হাজার কোটি টাকা চুরিও করি, আমার জীবনের মূল্য দিয়ে আমি এইখানে আসছি, আমার জন্য এটা হালাল।”

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কণ্ঠশিল্পী সায়ান নিজেকে জুলাইযোদ্ধা দাবি করে উক্ত মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, জুলাই আন্দোলনকারীদের বর্তমান অবস্থা সম্পর্কে সমালোচনা করতে গিয়ে করা মন্তব্যের খণ্ডাংশকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Flow with Eza’ নামক ইউটিউব চ্যানেলে গত ১০ জানুয়ারি ‘Farzana Shayan on Bangladeshi Politics, Religious Unrest & Power Struggles’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৩৫ মিনিট ৩৮ সেকেন্ড অংশ থেকে ৩৫ মিনিট ৫২ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ১ ঘন্টা ২০ মিনিটের ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সায়ান উক্ত মন্তব্য করার আগে উপস্থাপিকা বলেন, “আমরা একটা একাত্তরও দেখেছি একটা চব্বিশও দেখেছি, যারা মুক্তিযুদ্ধ করেছেন, সেই হাত দিয়েই তারা দুর্নীতি করেছেন। আপনার একটা গানও আছে নষ্ট মুক্তিযোদ্ধা। কুর্সি পাওয়ার সাথে সাথে ভুলে যায়, এই মানুষগুলোই কষ্ট করে দেশটা স্বাধীন করে। ওনারা কিভাবে ভুলে যায়? আমরা কি করতে পারি?” এই প্রশ্নের উত্তরে সায়ান জুলাই যোদ্ধাদের নিয়ে বলেন “…যারা মানুষকে ভালোবাসে তারা অন্যের ভাত মেরে খায় না। কিন্তু তাদের চিন্তা প্রক্রিয়া কাজ করে কীভাবে- আমি জুলাই যোদ্ধা, আমি জুলাইয়ে জীবনের ঝুঁকি নিয়ে ডিবি অফিসে ছিলাম। কাজেই আমি যদি পাঁচ হাজার কোটি টাকা চুরিও করি, আমার জীবনের মূল্য দিয়ে আমি আসছি, আমার জন্য এটা হালাল। তার লজিকটা এইভাবে কাজ করে।” এরপর তিনি জুলাইয়ের শহীদের নিয়ে কথা বলেন। কিভাবে আধ্যাত্মিক জায়গা থেকে সরে গিয়ে জুলাই যোদ্ধারা ‘দুর্নীতির পথ বেছে নেন’ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত ভিডিওর কোথাও তাকে নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে উক্ত কথাগুলো বলতে দেখা যায়নি।

সুতরাং, জুলাই আন্দোলনকারীদের বর্তমান অবস্থা সম্পর্কে সমালোচনা করতে গিয়ে কণ্ঠশিল্পী সায়ানের করা মন্তব্যের একটি খণ্ডাংশকে তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করে এই মন্তব্য করেছেন দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: