রামিসা হত্যা: ‘দেশ পরিচালনায় শেখ হাসিনা উত্তম’ শীর্ষক মন্তব্য করেননি শায়খ আহমাদুল্লাহ

গত ১৯ মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা পাশের ফ্ল্যাটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই প্রেক্ষিতে, ‘যেই দেশে ৭ বছরের শিশু নিরাপদ নয় সেই দেশ পরিচালনা করার জন্য স্বৈরাচার শেখ হাসিনাই উত্তম’ শিরোনামে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহর মন্তব্য দাবিতে তার ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ড দেখুন টিকটকে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘যেই দেশে ৭ বছরের শিশু নিরাপদ নয় সেই দেশ পরিচালনা করার জন্য স্বৈরাচার শেখ হাসিনাই উত্তম’ শীর্ষক মন্তব্য করেননি শায়খ আহমুদুল্লাহ। প্রকৃতপক্ষে, দেশ সময় নামের একটি নিউজ পোর্টালের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ‘দেশ সময়’ লেখা লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২০ মে, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
দেশ সময়ের লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে এই নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, দেশ সময় নামের নিউজ পোর্টালটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে ২০ মে নিউজ পোর্টালটির ফেসবুক পেজে “’সাত বছরের শি/শুও নিরাপদ নয়’ রামিসা হ/ত্যা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন শায়খ আহমাদুল্লাহ বিস্তারিত কমেন্টে…” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে। দেশ সময়ের মূল ফটোকার্ডটিতে ‘’সাত বছরের শি/শুও নিরাপদ নয়’ রামিসা হ/ত্যা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন শায়খ আহমাদুল্লাহ বিস্তারিত কমেন্টে…’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘যেই দেশে ৭ বছরের শিশু নিরাপদ নয় সেই দেশ পরিচালনা করার জন্য স্বৈরাচার শেখ হাসিনাই উত্তম শায়খ আহমুদুল্লাহর সাথে কারা কারা একমত আছেন’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, দেশ সময়ের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে দেশ সময়ের আসল ফটোকার্ডের মন্তব্য বিভাগে সংযুক্ত লিঙ্কের প্রতিবেদন থেকে জানা যায়, ২০ মে ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ‘সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ নয়, মানুষ নয় তারা, নরপিশাচ। ইসলামি মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়া, নৈতিকতার অবক্ষয়, বিকৃত রুচি, অবাধ যৌনতা এবং অপরাধের যথাযথ বিচারের অভাব সমাজে এ ধরনের পাশবিক ঘটনার পুনরাবৃত্তির অন্যতম কারণ। এই ভয়াবহ পরিস্থিতি বন্ধ করতে হলে একদিকে যেমন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে, অন্যদিকে কঠোর আইনের শাসনও নিশ্চিত করতে হবে।’
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য কালের কণ্ঠ বা অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, ‘যেই দেশে ৭ বছরের শিশু নিরাপদ নয় সেই দেশ পরিচালনা করার জন্য স্বৈরাচার শেখ হাসিনাই উত্তম’ শিরোনামে শায়খ আহমুদুল্লাহকে উদ্বৃর করে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- deshsomoy.com দেশ সময় : Facebook Post

