ঘন্টা বা রাত চুক্তিতে বিয়ের বিষয়ে মন্তব্য করেননি শেহরীন আমিন মোনামী

সম্প্রতি, ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) “ঘন্টা বা রাত চুক্তি তে বিয়ে, আমি খারাপ কিছু দেখি না” শীর্ষক মন্তব্য করেছেন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে৷ 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘ঘন্টা বা রাত চুক্তি তে বিয়ে, আমি খারাপ কিছু দেখি না’ শীর্ষক কোনো মন্তব্য করেননি শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘News Time TV’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘News Time TV’ নামক ফেসবুক পেজে গত ১৮ মার্চ প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়, যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

মূলত, ‘News Time TV’ এর মূল ফটোকার্ডটির শিরোনাম ও ছবি বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, মূল ফটোকার্ডে থাকা মন্তব্যটিও মোনামীর নয়। পেজটির পরিচিতি অনুযায়ী, এটি একটি স্যাটায়ারধর্মী পেজ, যেখানে সমসাময়িক বিষয় ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে উপস্থাপন করা হয়। ফলে, ওই মন্তব্যটিও সার্কাজম হিসেবে তৈরি ভুয়া বক্তব্য।

তাছাড়া গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রে মোনামীর এই বক্তব্যের বিষয়ে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, ‘ঘন্টা বা রাত চুক্তি তে বিয়ে, আমি খারাপ কিছু দেখি না’ শীর্ষক মন্তব্য শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: