শেখ হাসিনা ও আ.লীগকে ক্ষমতায় চেয়ে সিলেটে শিক্ষার্থীদের মিছিল দাবিতে এআই-তৈরি ছবি প্রচার 

গত বছরের ডিসেম্বর মাসে ‘আজ সিলেটে স্কুল ছাত্র ছাত্রীদের বিক্ষোভ মিছিল, তাদের দাবি শেখ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই!’ ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরত চেয়ে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

সিলেটের কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে চেয়ে বিক্ষোভ মিছিল পালন করলে এ বিষয়টি গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়, যেমন- ছবিতে ‘অগ্রগামী উচ্চ বিদ্দ্যালয় কানাইঘাট, সিলেট’ সাইনবোর্ডে বিদ্যালয় বানান ভুল, বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্তের স্থলে মেজেন্টা রংয়ের বৃত্ত রয়েছে। এছাড়া, ছবিটিতে বেশ কয়েকজন একই চেহারার শিক্ষার্থী রয়েছে। সর্বোপরি, ছবিটিতে এক ধরণের কৃত্রিমতা লক্ষ্য করা যায়।

ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর মাধ্যমে ছবিটি পরীক্ষা দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

পরবর্তীতে, আরেক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Moderation’ এর মাধ্যমে ছবিটি পরীক্ষা দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

সুতরাং, সিলেটের কানাইঘাটে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় চেয়ে স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: