টকশোতে স্পিকার হাফিজের মুখোমুখি শেখ হাসিনা দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর তিনি বিভিন্ন সময় অডিও কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং ইমেইলের মাধ্যমে ভারতসহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, তবে প্রকাশ্যে কোনো ভিডিও বক্তব্য দেননি। সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে শেখ হাসিনা লাইভ টকশোতে মুখোমুখি হয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে শেখ হাসিনা লাইভ টকশোতে মুখোমুখি হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, রাজনীতিতে বিএনপির কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শেখ হাসিনার মুখাবয়ব বসিয়ে হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে লাইভ টকশো দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘DW বাংলা টকশো’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৬ এপ্রিল ‘মুখোমুখি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর আংশিক মিল রয়েছে।

তবে, মূল ভিডিওতে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে হাফিজ উদ্দিন আহমেদকে দেখা গেলেও শেখ হাসিনাকে দেখা যায়নি। প্রায় ১ ঘন্টা সময়ের দীর্ঘ ভিডিওটি পর্যালোচনায় ও শেখ হাসিনা প্রসঙ্গে তাদের কোনো আলাপচারিতা শোনা যায়নি। বরং, রাজনীতিতে বিএনপির কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তাদের মধ্যে আলোচনা শুনতে পাওয়া যায়।

স্বাভাবিকভাবে, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সশরীরে উপস্থিত হয়ে কোনো টকশোতে যোগ দিলে কিংবা এরূপ কোনো বক্তব্য দিলে তা নিয়ে দেশিয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। তবে অনুসন্ধানে দেশিয় কিংবা আন্তর্জাতিক মিডিয়ায়ও এরূপ কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, সাম্প্রতিক সময়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে শেখ হাসিনা লাইভ টকশোতে মুখোমুখি হওয়ার দাবিটি ভিত্তিহীন।

সুতরাং, রাজনীতিতে বিএনপির কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সঞ্চালক ও সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোর ভিডিওতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শেখ হাসিনার মুখাবয়ব বসিয়ে হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে লাইভ টকশো দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: