শেখ হাসিনা দিল্লিতে ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে গেছেন দাবিতে ২০২৪ সালের ভিডিও প্রচার

সম্প্রতি, “শেখের বেটির বাজিমাৎ দিল্লির হায়দরাবাদ হাউজে নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পৌঁছেছেন জননেত্রী শেখ হাসিনা, ভালো কিছু হবে প্রত্যাশা করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার কোনো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ভারত সফরের উদ্দেশ্যে দিল্লিতে পৌঁছানোর ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২১ জুন ‘Bangladesh PM Sheikh Hasina arrives in Delhi for a 2-day State visit to India’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ৩৯ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২১ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান। ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এবং বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমান বন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান।
সে সময় অন্যান্য গণমাধ্যমগুলোও এ বিষয়ে সংবাদ (১, ২, ৩) প্রচার করে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।
সুতরাং, ২০২৪ সালে শেখ হাসিনার ভারত সফরে দিল্লি পৌঁছানোর ভিডিওকে সম্প্রতি নরেন্দ্র মোদী ও পুতিনের সাথে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দিতে যাওয়ার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

